তেহরান, ২৮ জুলাই (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি কাহরিজাক আটক কেন্দ্র বন্ধ করে দেওয়ার নির্দেশ দিয়েছেন। এখানে বেশকিছু সংস্কারবাদীকে আটক করে রাখা হয়েছে বলে ধারণা করা হয়।
আধাসরকারি সংবাদ সংস্থা মেহরনিউজ ডটকম আইনপ্রণেতা কাজেম জালালিকে উদ্ধৃত করে বলেছে, "আটক কেন্দ্রটি বন্ধ করার আদেশ দেওয়া হয়েছে কারণ এতে "আটককৃতদের অধিকার' রক্ষার আদর্শমানের অভাব রয়েছে।
সংস্কারপন্থিদের বেশ কয়েকটি ওয়েব সাইটে বলা হয়েছে, ১২ জুনের বিতর্কিত প্রেসিডেন্ট নির্বাচনে পর অনেক বিক্ষোভকারীকে কাহরিজাকে আটক করে রাখা হয়েছে।
নির্বাচনের পর আটক হওয়া ব্যক্তিদের ব্যাপারে গঠন করা পার্লামেন্টের বিশেষ তদন্ত কমিটির মুখপাত্র জালালি বলেছেন, "সর্বোচ্চ নেতা কাহরিজাক বন্ধ করার আদেশ দিয়েছেন কারণ এতে বন্দিদের অধিকার রক্ষার প্রয়োজনীয় ব্যবস্থা নেই।"
তিনি জানান, কমিটির সদস্যরা মঙ্গলবার তেহরানের এভিন কারাগার পরিদর্শন করবেন। এখানেও অনেক রাজনৈতিক বন্দি রয়েছেন।
জালালি বলেন, "আমাদের কাহরিজাক পরিদর্শনের সম্ভাবনা নেই কারণ এটি বন্ধ করে দেওয়া হচ্ছে।" এখানে রাখা বন্দিদের ছেড়ে দেওয়া হয়েছে না অন্যত্র স্থানান্তর করা হয়েছে তা জানা যায়নি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচবি/১৯৪২ ঘ.
bdnews24