লন্ডন, জুলাই ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- আফগানিস্তানে তালেবানদের বিরুদ্ধে ৫ সপ্তাহব্যাপী অভিযানের সমাপ্তি ঘোষণা করে এতে সফলতা দাবি করেছে ব্রিটিশ সেনারা। আগামী মাসে প্রেসিডেন্ট নির্বাচনের আগে
হেলমান্দ প্রদেশ থেকে জঙ্গিদের তাড়িয়ে দিতে সক্ষম হয়েছে বলে জানিয়েছে তারা।
কিন্তু কমান্ডাররা অভিযানের সফলতা ঘোষণা করার কয়েক ঘন্টা পর দুই সেনা নিহত হয়েছে। এর মধ্য দিয়ে জুলাইয়ে ব্রিটিশ সেনা নিহতের সংখ্যা দাঁড়াল ২২ এ। ২০০১ সালে আফগানিস্তানে যুদ্ধ শুরুর পর থেকে এটিই সেনা নিহতের সর্বোচ্চ সংখ্যা।
২০০৬ সালে ব্রিটিশ সেনারা হেলমান্দের দায়িত্ব নেওয়ার পর থেকে প্রথম বড় ধরনের তালেবানবিরোধী 'প্যানথার'স ক্ল' অভিযানে অংশ নেয় ৩ হাজার ব্রিটিশ সেনা। তাদের সঙ্গে অভিযানে অংশ নেয় মার্কিন, ডেনিশ ও অন্যান্য ন্যাটো ইউনিট।
২০ আগস্টে আফগানিস্তানে প্রেসিডেন্ট ও প্রাদেশিক নির্বাচনের আগে পশ্চিমা বাহিনীর কয়েক দফা অভিযানের অংশ হিসাবেই ওই অভিযান চালানো হয়। নির্বাচনের জন্য নিরাপদ পরিবেশ তৈরি করাই এর লক্ষ্য।
অভিযান শেষের ঘোষণা দিয়ে হেলমান্দের ব্রিটিশ বাহিনীর কমান্ডার ব্রিগেডিয়ার টিম র্যাডফোর্ড বলেছেন, "আমরা এখানে যা অর্জন করেছি তা গুরুত্বপূর্ণ এবং আমি পুরোপুরি নিশ্চিত যে, অভিযান সফল হয়েছে। আমরা বিদ্রোহীদের পক্ষে প্রচুর ক্ষয়ক্ষতি সাধন করেছি এবং তাদের অনেককেই শেষ পর্যন্ত রণে ভঙ্গ দিয়ে এলাকা ছেড়ে পালিয়ে যেতে দেখেছি।"
অভিযানে প্রায় ৫০০ তালেবানের সঙ্গে ব্রিটিশ সেনারা লড়েছে বলে জানান তিনি। অভিযান মূলত চালানো হয়েছে প্রাদেশিক রাজধানীর উত্তরে লস্কর গহতে। এখানে হেলমান্দ নদী বরাবর বেশ কয়েকটি শহরে তালেবানরা অনুপ্রবেশ করেছিল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৫১০ ঘ.
bdnews24