২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইরানে হামলা চালানো এখনো ইসরায়েলের বিবেচনায়

ইরানের পারমাণবিক পরিকল্পনা নস্যাত করতে ইসরায়েল এখনো সামরিক শক্তি ব্যবহারের বিষয়টি বিবেচনায় রেখেছে এবং অন্য দেশের প্রতিও এই অবস্থান নেওয়ার অনুরোধ জানিয়েছে। মার্কিন প্রতিরক্ষামন্ত্রী রবার্ট গেটসের সফরকালে সোমবার ইহুদি রাষ্ট্রটি এ অবস্থানের কথা জানায়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jul 2009, 11:20 AM

Updated : 26 Aug 2022, 11:48 AM

জেরুজালেম, জুলাই ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- ইরানের পারমাণবিক পরিকল্পনা নস্যাত করতে ইসরায়েল এখনো সামরিক শক্তি ব্যবহারের বিষয়টি বিবেচনায় রেখেছে এবং অন্য দেশের প্রতিও এই অবস্থান নেওয়ার অনুরোধ জানিয়েছে। মার্কিন প্রতিরক্ষামন্ত্রী রবার্ট গেটসের সফরকালে সোমবার ইহুদি রাষ্ট্রটি এ অবস্থানের কথা জানায়। "আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, কোনো সম্ভাবনাই বাদ দেওয়া উচিত নয়। এটাই আমাদের নীতি। অন্যদের প্রতিও আমরা একইরকম অবস্থান নেওয়ার সুপারিশ করছি। তবে আমরা কাউকে নির্দেশনা দিতে পারি না।" গেটসের সঙ্গে বৈঠক শেষে ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী বারাক সাংবাদিকদের একথা বলেন। তবে বারাক এটাও বলেছেন, কূটনৈতিক তৎপরতাকে অগ্রাধিকার দেওয়া উচিত, ইরানের ওপর আরও কঠোর নিষেধাজ্ঞা আরোপ করা যেতে পারে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামার মধ্যপ্রাচ্য শান্তিপ্রক্রিয়া শুরুর নতুন উদ্যোগ নিয়ে প্রতিরক্ষামন্ত্রী গেটসের পাশাপাশি মধ্যপ্রাচ্য সফর করছেন তার বিশেষ দূত জর্জ মিচেল, এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জিম জোনস।যুক্তরাষ্ট্র। ইহুদি বসতিস্থাপন থেকে শুরু করে ইরানের পরমাণু কর্মসূচি পর্যন্ত ইস্যু নিয়ে তাদের আলোচনা করারা কথা রয়েছে। গোলান মালভূমি নিয়ে ইসরায়েল-সিরিয়া আলোচনা শুরু করা এবং ইসরায়ের-ফিলিস্তিন চুক্তির জন্য সিরিয়ার সহায়তা চায় যুক্তরাষ্ট্র। মধ্যপ্রাচ্যবিষয়ক দূত মিচেল রোববার সিরিয়া সফরকালে এ ব্যাপারে যুক্তরাষ্ট্রের অগ্রাধিকারের কথা প্রেসিডেন্ট বাশার আল আসাদকে জানিয়েছেন। ইহুদি বসতিস্থাপন ইস্যুতে ছয়মাসেরও বেশি সময় ধরে বন্ধ হয়ে আছে ইসরায়েল-ফিলিস্তিন শান্তি প্রক্রিয়া। ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস ইহুদি বসতিস্থাপন বন্ধ না হলে শান্তি আলোচনা শুরু না করার ব্যাপারে অনঢ় রয়েছেন। ওবামা ২০০৩ সালে যুক্তরাষ্ট্রের উদ্যোগে প্রণীত মধ্যপ্রাচ্য শান্তি প্রক্রিয়া রোডম্যাপের আওতায় পশ্চিম তীর এবং পূর্ব জেরুজালেমে ইহুদি বসতিস্থাপন বন্ধের দাবি জানালেও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু তা প্রত্যাখ্যান করেছেন। এ নিয়ে বিরোধ সৃষ্টি হয়েছে দীর্ঘদিনের দুই মিত্রদেশের মধ্যে। তবে নেতানিয়াহু বলেছেন, দুপক্ষই সমঝোতার চেষ্টা চালিয়ে যাচ্ছে। ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক ও বাণিজ্য সম্পর্কের ব্যাপারে আরবদের পদক্ষেপ ইহুদিবসতিস্থাপন বন্ধে জোট সরকারের শরিকদের রাজি করাতে নেতানিয়াহুর জন্য সহায়ক হতে পারে। মিচেলের সঙ্গে বৈঠকের পর ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী বারাক এই আভাস দিয়েছেন। মিচেলের সঙ্গে সোমবার ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের দেখা করার কথা রয়েছে এবং মঙ্গলবার তিনি নেতানিয়াহুর সঙ্গে সাক্ষাৎ করবেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচবি/১৮৩১ ঘ.