ইসলামাবাদ, জুলাই ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)---- পোলিশ এক ইঞ্জিনিয়ার হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে সাবেক পার্লামেন্ট সদস্য শাহ আব্দুল আজিজকে গ্রেপ্তার করেছে পাকিস্তানের পুলিশ। গত ফেব্র"য়ারিতে তালেবান জঙ্গিরা ওই ইঞ্জিনিয়ারকে শিরোচ্ছেদ করে হত্যা করে। আজিজের ভাই ও সহযোগীরা রোববার একথা জানিয়েছে।
আজিজ এক ইসলামিক পার্টির সাবেক ধর্মীয় নেতা ও আইনপ্রণেতা। এ মামলায় প্রধান অভিযুক্ত জঙ্গি আত্তাউল্লাহ খান পুলিশের কাছে হত্যাকাণ্ডের স্বীকারোক্তি দেওয়ার পর পুলিশ আজিজকে গ্রেপ্তার করে। খান পুলিশকে বলেন, আজিজের নির্দেশেই ভূতত্ববিদ পায়োট স্ট্যানজাককে কে হত্যা করেছিলেন তিনি।
আজিজের ভাই মাহবুব এলাহি রয়টার্সকে বলেন, " আমার ভাই এ হত্যাকাণ্ডের নির্দেশ দিয়েছে-- খান পুলিশকে একথা বলায় তারা বলছে সে ইঞ্জিনিয়ার হত্যাকাণ্ডের পেছনে আছে।"এ ব্যাপারে পুলিশের তাৎক্ষণিক কোনও মন্তব্য পাওয়া যায়নি।
গত সেপ্টেম্বরে ইসলামাবাদের ৬৫ কিলোমিটার দূরে আত্তোক শহরের কাছে নিজের কোম্পানীর জায়গা পরিদর্শনের সময় স্ট্যানজাক অপহৃত হয়।
তালেবান জঙ্গিরা ফেব্র"য়ারিতে তাকে শিরোচ্ছেদ করার ভিডিও প্রকাশ করে। সরকার ৬০ জন তালেবান বিদ্রোহীকে মুক্তি দিতে অস্বীকৃতি জানানোয় তারা একাজ করেছে বলে জানায়।
এলাহি বলছেন, তার ভাইয়ের বিরুদ্ধে আনা অভিযোগ মিথ্যা এবং অতিরঞ্জিত। আজিজ একমাসেরও বেশি সময় ধরে নিখোঁজ ছিল বলে জানান তিনি।
শনিবার পাকিস্তানের একটি সন্ত্রাসবিরোধী আদালত রাওয়ালপিন্ডিতে আজিজকে তিনদিনের রিমান্ডে পাঠিয়েছে।
আজিজের ঘনিষ্ঠ এক সহযোগী তার সঙ্গে জঙ্গিদের যোগসাজসের কথা জানিয়েছে। কিন্তু জঙ্গিদের সঙ্গে তার এ সংশ্রব অপহৃতদের মুক্ত করতে সরকারকে সাহায্য করারই চেষ্টা ছিল বলে জানান তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৯৩৬ ঘ.
bdnews24