ইসলামাবাদ, জুলাই ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- পাকিস্তানের একটি আদালত মুম্বাই হামলায় অভিযুক্ত পাঁচ জঙ্গির মামলার শুনানি শনিবার এক মাসের জন্য মুলতবি ঘোষণা করেছে। তাদের বিরুদ্ধে অভিযোগও আদালতে পড়ে শোনানো হয়নি।
সরকারের কৌঁসুলি মালিক রব নওয়াজ নুন বলেছেন, ওই ব্যক্তিদের বিরুদ্ধে এখনো আনুষ্ঠানিকভাবে অভিযোগ গঠন করা হয়নি। শনিবার কিছু বিবৃতি রেকর্ড করার মাধ্যমে শুনানি শেষ হয়।
কৌঁসুলিদের বেশ কয়েকজন এবং আসামি পক্ষের একজন আইনজীবী জানিয়েছেন, আদালত শুনানি ২৯ আগস্ট পর্যন্ত মুলতবি ঘোষণা করেছে।
নভেম্বরের ২৬ থেকে ২৯ তারিখ পর্যন্ত মুম্বাইয়ে ওই সন্ত্রাসী হামলা, অবরোধ ও নিরাপত্তা বাহিনীর অভিযানে ১৬৬ জন নিহত হয়। ভারত বলেছে, পাকিস্তানভিত্তিক জঙ্গি সংগঠন লস্কর-ই-তাইয়্যেবা ওই হামলা চালায়। অভিযুক্তদের বিচারে জোরালো পদক্ষেপ নিতে পাকিস্তানের প্রতি দাবি জানিয়ে আসছে ভারত।
ওই নারকীয় হত্যাযজ্ঞের একমাত্র জীবিত হামলাকারী, পাকিস্তানি নাগরিক মোহাম্মদ আজমল কাসাব মুম্বাইয়ের আদালতে কয়েকদিন নাটকীয়ভাবে অপরাধ স্বীকার করে তাকে ফাঁসি দেওয়ার আর্জি জানায়।
পাকিস্তানের আদালতে শুনানি মুলতবি হওয়া আসামিরা হলেন, লস্করের কমান্ডার জাকি-উর-রহমান লাখভি, হামাদ আমিন, আবদুল ওয়াজিদ ওরফে জারার শাহ, মাজহার ইকবাল ওরফে আবু আল কামা এবং শহীদ জামিল রিয়াজ।
ইসলামাবাদের অদূরে রাওয়ালপিণ্ডির আদিয়ালা কারাগারের ভেতর বসানো আদালতে তাদের শুনানি চলছিল।
পাকিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রী এ মাসের গোড়ার দিকে মুম্বাই হামলার সন্দেহভাজন এই পাঁচ ব্যক্তি ছাড়াও আরও ১৩ ব্যক্তির ছবি প্রকাশ করেন যাদের এখনো গ্রেপ্তার করা সম্ভব হয়নি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচবি/১৭০৪ ঘ.
bdnews24