২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

টিভি বিতর্কে অংশ না নিয়ে সমালোচনার তোপে কারজাই

আফগানিস্তানের প্রেসিডেন্ট নির্বাচন উপলক্ষে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের নিয়ে আয়োজিত বৃহস্পতিবারের টেলিভিশন বিতর্কে অংশ না নিয়ে প্রতিপক্ষ এবং সাধারণ আফগানদের সমালোচনার তোপে পড়েছেন প্রেসিডেন্ট হামিদ কারজাই। তারা মনে করছেন, কারজাই ভয় পেয়েই বির্তকের মুখোমুখি হননি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jul 2009, 09:59 AM

Updated : 26 Aug 2022, 11:47 AM

কাবুল, জুলাই ২৪(বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)---আফগানিস্তানের প্রেসিডেন্ট নির্বাচন উপলক্ষে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের নিয়ে আয়োজিত বৃহস্পতিবারের টেলিভিশন বিতর্কে অংশ না নিয়ে প্রতিপক্ষ এবং সাধারণ আফগানদের সমালোচনার তোপে পড়েছেন প্রেসিডেন্ট হামিদ কারজাই। তারা মনে করছেন, কারজাই ভয় পেয়েই বির্তকের মুখোমুখি হননি। ২০ আগস্ট অনুষ্ঠেয় নির্বাচনে পরিস্কারভাবে এগিয়ে থাকা কারজাই প্রতিপক্ষ আব্দুল্লাহ আব্দুল্লাহ এবং আশরাফ ঘানি সঙ্গে নির্বাচনী প্রচারাভিযানের প্রথম বিতর্ক অনুষ্ঠান শুরুর আগমুহূর্তে নিজেকে সরিয়ে নিয়ে বলেন, আরও প্রতিদ্বন্দ্বী এবং মিডিয়ার অংশগ্রহণ উচিত। আফগানিস্তানের প্রেসিডেন্ট নির্বাচনে ৩৯ জন প্রার্থীর মধ্যে আবদুল্লাহ আবদুল্লাহ এবং ঘানি দুজনই কারজাইয়ের মন্ত্রিসভার সাবেক মন্ত্রী। এ দুজনকেই নির্বাচনে কারজাইয়ের প্রধান প্রতিপক্ষ হিসাবে দেখা হচ্ছে। কারজাই বিতর্কে অংশ না নেওয়ায় বেসরকারি টেলিভিশন চ্যানেল টোলো ঘানি আর আবদুল্লাহকে নিয়েই বৃহস্পতিবারের ওই অনুষ্ঠান পরিচালনা করেছে। আফগানিস্তানে ক্রমবর্ধমান তালেবান সহিংসতা এবং তা মোকাবেলায় বিদেশি সেনাদের ব্যাপক অভিযানে রেকর্ড পর্যায়ের সামরিক ও বেসামরিক নাগরিক হতাহতের ঘটনার প্রেক্ষাপটে চলছে এ নির্বাচনী প্রচারাভিযান। সাবেক পররাষ্ট্রমন্ত্রী আব্দুল্লাহ বলেন, "আমরা আফগান জনগণকে হারাচ্ছি এবং তারা আমাদের শত্র" শিবিরে যোগ দিচ্ছে। আমরা এজন্য বর্তমান সরকার ছাড়া কাউকেই দায়ী করতে পারি না। দুর্ভাগ্যক্রমে আফগান জনগণকে এর উত্তর দিতে এখানে উপস্থিত নেই সেই সরকার প্রধান।" টেলিভিশনের পর্দায় তখন শূন্য আসন দেখানো হয়। তবে কারজাই আগামী বিতর্ক অনুষ্ঠানগুলোতে অংশ নিতে অস্বীকৃতি জানাননি। ২০০১ সালে যুক্তরাষ্ট্র সমর্থিত আফগান বাহিনীর কাছে হেরে তালেবানরা ক্ষমতাচ্যুত হলে কারজাই আফগানিস্তানের ক্ষমতায় অধিষ্ঠিত হন। তিনি ২০০৪ সালের প্রথম সরাসরি ভোটে প্রেসিডেন্ট নির্বাচিত হন। গত মে মাসে যুক্তরাষ্ট্রভিত্তিক প্রতিষ্ঠানের পরিচালিত এক জনমত জরিপে দেখা গেছে, কারজাইয়ের পক্ষে বড় ধরনের জনসমর্থন আছে। ৩১ শতাংশ আফগান ভাবী প্রেসিডেন্ট হিসাবে কারজাইকেই পছন্দ করছে। অন্যদিকে, আব্দুল্লাহ এবং ঘানির প্রতি জনসমর্থনের হার দশ শতাংশের নিচে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএম/এলকিউ/১৭০৪ ঘ.