ফুকেট, থাইল্যান্ড, জুলাই ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন বৃহস্পতিবার দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর প্রতি উত্তর কোরিয়ার পরমাণু কর্মসূচি বন্ধে চাপ সৃষ্টি এবং দেশটির ওপর জাতিসংঘের নিষেধাজ্ঞা আরোপে সহায়তা করার আহ্বান জানিয়েছেন।
নিরাপত্তা সংক্রান্ত এশিয়ার বৃহত্তম বার্ষিক সম্মেলন আসিয়ান রিজিওনাল ফোরামে তিনি এ আহ্বান জানান। থাইল্যান্ডের ফুকেটে অনুষ্ঠিত এই সম্মেলনে উত্তর কোরিয়ার পরমাণু কর্মসূচি, সন্ত্রাস মোকাবেলার অভিযান ও সমুদ্র নিরাপত্তার বিষয়টি প্রাধান্য পায়।
মিয়ানমারের বিষয়টিও আলোচনায় আসে। আগের দিন বুধবার হিলারি বলেছেন, উত্তর কোরিয়া থেকে মিয়ানমারের সামরিক জান্তার কাছে সম্ভাব্য পরমাণু প্রযুক্তি পাচারের ব্যাপারে ওয়াশিংটন উদ্বিগ্ন।
সম্মেলনে উপস্থাপনের জন্য তৈরি করা বক্তব্যে হিলারি বলেন, "উত্তর কোরিয়াকে পরমাণু কর্মসূচি পরিত্যাগেও এবং বিশ্বের সঙ্গে সম্পর্ক স্বাভাবিকীকরণে রাজি করাতে যুক্তরাষ্ট্র সব মাধ্যমে চেষ্টা চালিয়ে যাবে।"
এর আগে বুধবার হিলারি আসিয়ানদেশগুলোর সঙ্গে একটি মৈত্রী চুক্তি স্বাক্ষর করেছেন। অঞ্চলটিতে চীনের প্রভাব বৃদ্ধির প্রেক্ষাপটে ওয়াশিংটনের এখানে অধিকতর মনোযোগ দেওয়ার বহিঃপ্রকাশ ঘটল এই চুক্তির মাধ্যমে।
চুক্তির ফলে চীনের ক্রমবর্ধিষ্ণু প্রভাব নিয়ে আঞ্চলিক উদ্বেগ কমতে পারে।
শান্তি ও সহযোগিতার বিষয়ক চুক্তির বিষয়গুলো চীনসহ অন্য দেশও মেনে নিয়েছে। ১০ জাতি অ্যাসোসিয়োশন অফ সাউথ ইস্ট এশিয়ান নেশন (আসিয়ান) জোটের সঙ্গে করা চুক্তিটিতে বিরোধের শান্তিপূর্ণ সমাধান ও অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করার বিষয়ে ঐকমত্যের ওপর জোর দেওয়া হয়েছে।
পর্যটন দ্বীপ ফুকেটে চুক্তি স্বাক্ষরের আগে এক সংবাদ সম্মেলনে হিলারি বলেন, "দক্ষিণপূর্ব এশিয়ায় ফিরে এসেছে যুক্তরাষ্ট্র।"
তিনি বলেন, "প্রেসিডেন্ট ওবামা ও আমি বিশ্বাস করি বিশ্বের অগ্রগতি, শান্তি ও সমৃদ্ধির জন্য এই অঞ্চল খুবই গুরুত্বপূর্ণ। আমরা আসিয়ান অংশীদারদের সঙ্গে নিয়ে সামনে আসা সব চ্যালেঞ্জ মোকাবেলা করতে চাই।"
"আমি খুব স্পষ্টভাবে জানাতে চাই দক্ষিণপূর্ব এশিয়ার সঙ্গে সম্পর্ক স্থাপনে আমরা ঐকান্তিক ও প্রতিশ্র"তিবদ্ধ।"
হিলারি বুধবার রাতে থাইল্যান্ডের পর্যটন দ্বীপ ফুকেটে পৌঁছেন। তিনি উত্তর কোরিয়ার পরমাণু কর্মসূচি বন্ধের চেষ্টায় আসিয়ান পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গেও আলাদাভাবে বৈঠক করবেন।
মঙ্গলবার ব্যাংককে হিলারি বলেন, অ্যাসোসিয়োশন অফ সাউথ ইস্ট এশিয়ান নেশন (আসিয়ান) এর পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে বৈঠকে তিনি শান্তি ও সহযোগিতার বিষয়ে একটি চুক্তি স্বাক্ষর করবেন।
যুক্তরাষ্ট্র নিয়মিতই আসিয়ান বৈঠকে প্রতিনিধি পাঠিয়ে থাকে। প্রেসিডেন্ট বুশের শাসনামলে নিুপদস্থ কর্মকর্তাদের পাঠানো হতো। এবার পররাষ্ট্রমন্ত্রী এ বৈঠকে যোগ দিচ্ছেন।
আসিয়ানের মহাসচিব সুরিন পিতসুয়ান রয়টার্সকে বলেন, "আমি বুঝতে পারছি তারা সত্যিকার অর্থেই সহযোগিতা ও সম্পর্ক বাড়ানো ও গভীর করার প্রত্যাশা করছে। আমরা এ পরিবর্তনকে স্বাগত জানাচ্ছি।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচবি/১৬৪৬ ঘ.
bdnews24