দুবাই, ১৯ জুলাই, (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- আফগানিস্তানে তালেবানদের হাতে আটক এক মার্কিন সেনার ভিডিও রোববার প্রকাশ করেছে আরবীয় টেলিভিশন চ্যানেল আল-জাজিরা। এই ভিডিওকে তালেবানদের প্রচারণা এবং আন্তর্জাতিক আইনের লঙ্ঘন বলে নিন্দা করেছে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী।
আফগানিস্তানের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় পাকটিকা প্রদেশে জুনের শেষদিক থেকে নিখোঁজ রয়েছে ওই সেনা। রোববার কাতার ভিত্তিক টেলিভিশন চ্যানেল আল-জাজিরায় প্রকাশিত ভিডিওতে ক্যামেরার সামনে তাকে কথা বলতে দেখা গেছে।
তার মাথা মুড়ানো, মুখমন্ডলে হালকা দাড়ি এবং পরণে ছিল ধূসর রংয়ের ঢিলা সালোয়ার কামিজ। বন্দিত্বের অনুভূতি প্রকাশ করে সে বলে, "আমি খুবই ভয় পাচ্ছি। মনে হচ্ছে বাড়ি ফিরতে পারব না। বন্দি হওয়া খুবই ভয়াবহ ব্যাপার।"
গত সপ্তাহে তালেবান কমান্ডার এক সেনাকে আটক করার কথা জানায়। মার্কিন সামরিক বাহিনীর মুখপাত্র ক্যাপ্টেন জন স্টোক বলেছেন, ভিডিওতে দেখানো ব্যক্তিই নিখোঁজ সেনা। তার নাম প্রকাশ করা হয়নি। জুনের শেষ দিক থেকে সে নিখোঁজ রয়েছে।
স্টোক বলেন, "প্রচারণার উদ্দেশ্যে ওই সেনাকে ব্যবহার করাটাকে আমরা আন্তর্জাতিক আইন পরিপন্থি হিসাবেই দেখছি। ওই সেনাকে নিরাপদে এবং অক্ষত অবস্থায় উদ্ধারের জন্য যথাসম্ভব সবকিছুই আমরা করছি।"
মার্কিন সেনাবাহিনী এ সপ্তাহে নিখোঁজ সেনার মুক্তি চেয়ে লিফলেট বিলি করেছে। ২০০২ সালের পর ওই সেনাই আফগানিস্তানে প্রথম তালেবানদের হাতে আটক মার্কিন সেনা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৪৪০ ঘ.
bdnews24