২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মুম্বাই হামলায় বেঁচে থাকাদের সঙ্গে হিলারির সাক্ষাৎ

ভারত সফররত যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন মুম্বাই হামলায় বেঁচে যাওয়াদের সঙ্গে শনিবার দেখা করেছেন। তিনি ভারতের শিল্পপতিদের সঙ্গে জলবায়ু পরিবর্তন নিয়ে কথা বলেছেন এবং গ্রামের মহিলাদের সঙ্গে অন্তরঙ্গ সময় কাটিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jul 2009, 12:05 PM

Updated : 26 Aug 2022, 11:46 AM

মুম্বাই, জুলাই ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- দু'দেশের সম্পর্ক আরও ঘনিষ্ট করে তুলতে পাঁচ দিনের ভারত সফরে শুক্রবার রাতে মুম্বাইয়ে অবতরণ করেই তিনি সন্ত্রাসের বিরুদ্ধে লড়াইয়ে পাকিস্তানকে সহযোগিতা করার জন্য যুক্তরাষ্ট্রের সঙ্গে ভারতকেও যোগ দেওয়ার আহ্বান জানান। তবে তার প্রথম কাজ ছিল গত নভেম্বরে মুম্বাই হামলায় নিহতদের জন্য এক স্মরণসভায় অংশ নেওয়া। ভয়াবহ ওই হামলায় ১৬৬ জন নিহত হয়। হামলায় স্বজন হারানো ও বেঁচে যাওয়াদের প্রতি সহমর্মিতা প্রকাশস্বরুপ হিলারি মুম্বাইয়ের তাজমহল প্যালেস অ্যান্ড টাওয়ার হোটেলে উঠেছেন। গত ২৬ নভেম্বরের হামলার মূল লক্ষ্য ছিল এই হোটেলটি। "গতকাল জাকার্তায় বোমা হামলা আমাদের বেদনাদায়কভাবে স্মরণ করিয়ে দিচ্ছে, ভয়ঙ্কর উগ্রবাদের হুমকি এখনো বিরাজ করছে এই অঞ্চলে।" হোটেলে সমবেত সেই কয়েকদিনের বেঁচে যাওয়াদের উদ্দেশে বলেন হিলারি। সমবেতদের মধ্যে হোটেলটির একজন ব্যবস্থাপকও ছিলেন যিনি নিজে বেঁচে গেলেও হারিয়েছেন স্ত্রী ও দুই শিশু সন্তানকে। "এই হুমকি বিশ্বজুড়ে, এটি নির্মম, অবিশ্বাসী-আত্মকেন্দ্রীক অমানুষের কাজ, অবশ্যই এদের থামাতে হবে।" বলেন হিলারি। শুক্রবার রাতে তুমুল বৃষ্টির মধ্যে মুম্বাই বিমান বন্দরে নামেন হিলারি। ভারতীয় কর্মকর্তারা তাকে লাল গোলাপ দিয়ে বরণ করেন। এ সফরের মাধ্যমে তিনি পাকিস্তানের সঙ্গে ভারতের বন্ধনও দৃঢ় করার প্রত্যাশা করছেন। গত নভেম্বরে মুম্বাই হামলার পর চিরবৈরী এ দু'দেশের সম্পর্ক আরও বৈরী হয়েছে। গত বৃহস্পতিবার ন্যাম সম্মেলনের ফাঁকে এক বৈঠকে ভারতীয় প্রধানমন্ত্রী মনমোহন সিং ও পাকিস্তানি প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানি বৈঠক করেছেন। ওই বৈঠকে দু'প্রধানমন্ত্রীই একসঙ্গে সন্ত্রাসবাদ মোকাবেলায় রাজি হয়েছেন। তবে ভারতীয় প্রধানমন্ত্রী জানিয়েছেন, আনুষ্ঠানিক আলোচনা শুরুর আগে পাকিস্তানকে অবশ্যই মুম্বাই হামলায় দায়ীদের শাস্তি দিতে হবে। হিলারি ভারত এসে পৌঁছানোর আগেই শুক্রবার টাইমস অফ ইন্ডিয়া তার একটি মতামত প্রকাশ করে। এতে হিলারি লিখেছেন, ভারত ও যুক্তরাষ্ট্র দ্'ুদেশেরই "সন্ত্রাসী হামলার ভয়াবহ অভিজ্ঞতা আছে।" তিনি লিখেছেন, "আমরা উভয়েই আমাদের নাগরিকদের জন্য নিরাপত্তা খুঁজছি। আমাদের উচিত আমাদের প্রতিরক্ষা ও আইনপ্রণয়নকারী সংস্থার মধ্যে কাজের সমন্বয় করা। আর সেইসঙ্গে আমাদের পাকিস্তানকে সহিংস চরমপন্থিদের বিরুদ্ধে লড়াইয়ে সহায়তা করা উচিত।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচবি/১৯০৭ ঘ.