২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জাপানের প্রধানমন্ত্রীর ওপর চাপ বাড়ছে

৩০ আগস্টে জাতীয় নির্বাচন অনুষ্ঠান নিয়ে দলীয় কোন্দলে দলের ভাগ্য নির্ধারণ এবং পদত্যাগের জন্য জাপানের প্রধানমন্ত্রী তারো আসোর ওপর চাপ বাড়ছে। দলের ভাগ্য নির্ধারণে দলীয় আইনপ্রণেতারা বৃহস্পতিবার বৈঠক ডেকেছেন। এই বৈঠকে আসো পদত্যাগের জোর দাবির মুখে পড়বেন বলেই মনে করা হচ্ছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jul 2009, 09:02 AM

Updated : 26 Aug 2022, 11:45 AM

টোকিও, জুলাই ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ৩০ আগস্টে জাতীয় নির্বাচন অনুষ্ঠান নিয়ে দলীয় কোন্দলে দলের ভাগ্য নির্ধারণ এবং পদত্যাগের জন্য জাপানের প্রধানমন্ত্রী তারো আসোর ওপর চাপ বাড়ছে। দলের ভাগ্য নির্ধারণে দলীয় আইনপ্রণেতারা বৃহস্পতিবার বৈঠক ডেকেছেন। এই বৈঠকে আসো পদত্যাগের জোর দাবির মুখে পড়বেন বলেই মনে করা হচ্ছে। টোকিওর স্থানীয় নির্বাচনে বিরোধীদলের কাছে ক্ষমতাসীন দল লিবারেল ডেমোক্র্যাটিক পার্টি (এলডিপি) হেরে যাওয়ার একদিন পরই আসোর ৩০ আগস্ট জাতীয় নির্বাচনের পরিকল্পনা ঘোষণায় দলে কোন্দল দেখা দিয়েছে। নিয়মানুযায়ী, জাপানে অক্টোবরের মধ্যেই নির্বাচন হওয়ার কথা। জরিপে দেখা গেছে, বিরোধীদল ডেমোক্র্যাটিক পার্টিরই জাতীয় নির্বাচনে জয়লাভের সম্ভাবনা বেশি। বৃহস্পতিবার সংবাদ সংস্থা জিজি'র প্রকাশিত জরিপের ফলে দেখা গেছে, শতকরা ১৬ দশমিক ৩ জন আসো ও তার মন্ত্রিসভাকে সমর্থন করেছে। যা গত মাসে অনুষ্ঠিত জরিপের ফল থেকে ৭ দশমিক ৮ শতাংশ কম। জরিপে জানতে চাওয়া হয়, আসন্ন জাতীয় নির্বাচনে ভোটাররা কোন দলকে ভোট দেবে ? এর জবাবে অংশগ্রহণকারীদের শতকরা ৩৭ দশমিক ৪ জন বিরোধী দল ডেমোক্র্যাটিক পার্টিকে এবং ১৯ দশমিক ৫ জন ক্ষমতাসীন দল এলডিপিকে ভোট দেবে বলে জানিয়েছে। নির্বাচনে ডেমোক্র্যাটিক পার্টি জয়ী হলে এলডিপির প্রায় ৫০ বছরের নিরবিচ্ছিন্ন শাসনের অবসান ঘটবে। সরকারের শীর্ষ মুখপাত্র তাকিও কাওয়ামুরা সাংবাদিকদের জানান, বৈঠকের অনুমতি চেয়ে এলডিপি'র মহাসচিব হিরোয়ুকি হোসোডার কাছে আবেদন করেছে এলডিপি'র আইনপ্রণেতারা। আসোর প্রথমেই নিুকক্ষ ভেঙে দেওয়ার ক্ষমতা থাকলেও দলের নিয়ম অনুযায়ী, ৭ দিনে মধ্যে বৈঠক অনুষ্ঠিত হতে হবে। কাওয়ামুরা জানিয়েছেন, আসো বৈঠকে অংশ নিতে প্রস্তুত। তবে নির্বাচন পরিকল্পনায় তিনি অটল থাকবেন বলে মনে করা হচ্ছে। তিনি বলেন, "আমাদের কার্যালয় সময় ঠিক করে ফেলেছে এবং প্রধানমন্ত্রীর পছন্দ ৩০ আগস্ট। আমার মনে হয় না প্রধানমন্ত্রী মত পরিবর্তন করবেন।" বিডিনিউজ টোয়েন্টিপোর ডটকম/এমডি/এলকিউ/১৫২৭ ঘ.