টোকিও, ১৫ জুলাই (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)---- জাপানে ৩০ আগস্টে অনুষ্ঠেয় জাতীয় নির্বাচনের আগে ক্ষমতাসীন দল লিবারেল ডেমোক্র্যাটিক পার্টিতে (এলডিপি) কোন্দল আরও তীব্র হয়েছে। প্রধানমন্ত্রী তারো আসো বিরোধী এলডিপি আইনপ্রণেতারা তাকে পদত্যাগে বাধ্য করতে পার্লামেন্টের উভয়কক্ষের দলীয় আইনপ্রণেতাদের সঙ্গে বৈঠকের জন্য চাপ দিচ্ছেন।
বুধবার একটি গণমাধ্যম জরিপে দেখা গেছে, বিরোধীদলের জনসমর্থন এলডিপি'র চেয়ে সামান্য বেড়েছে। তাছাড়া জাপানি ভোটারদের অধিকাংশই দেরিতে নয় বরং তাড়াতাড়ি নির্বাচন চাইছে। ৩৬ শতাংশ ভোটারই বিরোধীদল ডেমোক্র্যাট পার্টির পক্ষে। অন্যদিকে, এলডিপি'র পক্ষে রয়েছে মাত্র ২১ শতাংশ ভোটার।
ওদিকে, টোকিওর স্থানীয় নির্বাচনে হারার পর তারো আসোর আগস্টে নির্বাচন দেওয়ার সিদ্ধান্তের সমালোচনা করেছেন অর্থমন্ত্রী কাউরু ইয়োসানো।
তিনি প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকও করেছেন। তবে বৈঠকে কি নিয়ে আলোচনা হয়েছে তা স্পষ্ট জানা যায়নি। নির্বাচন অনুষ্ঠান করতে আসোর মন্ত্রিসভার সব সদস্যদের সম্মতি প্রয়োজন। তবে কেউ তার পরিকল্পনার বিরোধিতা করলে তাকে বরখাস্ত করার ক্ষমতা আসোর আছে।
আসো সোমবার জানিয়েছেন, ৩০ আগস্টের নির্বাচন অনুষ্ঠানের জন্য তিনি আগামী সপ্তাহে পার্লামেন্টের নিুকক্ষ ভেঙে দেবেন।
এ পদক্ষেপের মধ্য দিয়ে আসো নির্বাচনের আগে তাকে উৎখাতের চেষ্টা প্রতিহত করতে চাইছেন বলে সমালোচেনা করেছেন দলের সমালোচকরা।
নিয়মানুযায়ী, জাপানে নির্বাচন অক্টোবরের মধ্যেই হতে হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৮৩৫ ঘ.
bdnews24