টোকিও, জুলাই ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)---- জাপানের বিরোধীদল-নিয়ন্ত্রিত উচ্চকক্ষে মঙ্গলবার প্রধানমন্ত্রী তারো আসোর বিরুদ্ধে নিন্দা প্রস্তাব আনা হচ্ছে। জনপ্রিয়তায় ধস নামা প্রধানমন্ত্রী ৩০ আগস্টে নির্বাচন দেওয়ার কথা জানানোর একদিন পর এই নিন্দা প্রস্তাব আনছে বিরোধিরা।
বিরোধীদল ডেমোক্র্যাটিক পার্টি ও এর মিত্ররা এরই মধ্যে পার্লামেন্টের নিুকক্ষে তারো আসোর মন্ত্রিসভার বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব এনেছে। জাপানে সাধারণ নির্বাচনের আগে আসোর জনসমর্থন ২০ শতাংশের কোঠায় নেমে এসেছে। ফলে সাধারণ নির্বাচনে আসোর ক্ষমতাসীন লিবারেল ডেমোক্র্যাটিক পার্টি (এলডিপি) পরাজয়ের মুখে রয়েছে।
রোববার টোকিওর স্থানীয় নির্বাচনে আসোর এলডিপি ও এর শরিক দল সংখ্যাগরিষ্ঠতা হারিয়েছে। অন্যদিকে, বেশির ভাগ আসনে জয়ী হয়েছে বিরোধীদল ডেমোক্র্যাটিক পার্টি।
স্থানীয় নির্বাচনের এই প্রভাব সাধারণ নির্বাচনে আরও বড় হয়ে দেখা দিতে পারে বলে শঙ্কিত এলডিপি'র ঊর্ধ্বতন কর্মকর্তা নোবুতেরো ইশিহারা। তিনি ইতোমধ্যেই আসোর অধীনে সাধারণ নির্বাচনে প্রতিদ্বন্দিতায় নামার বিষয়টি নিয়ে প্রশ্ন তুলেছেন।
জাতীয় নির্বাচনে বিরোধীদলের জয় জাপানে এলডিপি'র প্রায় অর্ধশতাব্দীর নিরবিচ্ছিন্ন শাসনের অবসান ঘটাবে এবং রাজনৈতিক অচলবস্থা সমাধানের পথ সুগম করবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১২২৩ ঘ.
bdnews24