২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জ্যাকসনের চিকিৎসার কাগজপত্র তলব করেছে করোনার অফিস

লস এঞ্জেলেসের করোনার অফিস মাইকেল জ্যাকসনের চিকিৎসায় জড়িত থাকা বিভিন্ন চিকিৎসকের কাছে চিকিৎসার যাবতীয় কাগজপত্র চেয়ে পাঠিয়েছে বলে বৃহস্পতিবার লস এঞ্জেলেস টাইমস জানিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jul 2009, 10:31 AM

Updated : 26 Aug 2022, 11:43 AM

লস এঞ্জলেসে, জুলাই ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- লস এঞ্জেলেসের করোনার অফিস মাইকেল জ্যাকসনের চিকিৎসায় জড়িত থাকা বিভিন্ন চিকিৎসকের কাছে চিকিৎসার যাবতীয় কাগজপত্র চেয়ে পাঠিয়েছে বলে বৃহস্পতিবার লস এঞ্জেলেস টাইমস জানিয়েছে। নামপ্রকাশে অনিচ্ছুক একটি সূত্রের বরাত দিয়ে পত্রিকাটি জানায়, সূত্রটি দাবি করেছেন, তিনি নিজের চোখে করোনার অফিসের তলবনামা দেখেছেন, যেখানে জ্যাকসনের চিকিৎসায় নিয়োজিত সব চিকিৎসকের কাছে চিকিৎসাসংক্রান্ত কাগজপত্র চেয়ে পাঠানো হয়েছে। সেখানে রেডিওলজি এবং সাইক্রিয়াট্রিক রেকর্ডের কথাও উল্লেখ আছে। তলবনামা পাওয়াদের একজন হচ্ছেন জ্যাকসনের দীর্ঘদিনের ত্বকবিজ্ঞানী আর্নল্ড ক্লেইন। বেভারলি হিলসের এ ডাক্তারের আইনজীবী রিচার্ড চার্নলি বলেন,"এটা একটি মানসম্পন্ন তলবনামা ছিল এবং আমরা এরভিত্তিতে চিকিৎসাসংক্রান্ত কাগজপত্র মেডিক্যাল পরীক্ষকের কাছে তুলে দিয়েছি।" চার্নলি করোনার অভিসে যাওয়ার পর তার কাছে পাঠানো মেসেজের জবাব কয়েক ঘণ্টাতেও পাওয়া যায়নি এবং করোনার অফিসের কাউকেই এ বিষয়ে মন্তব্য করার জন্য পাওয়া যায়নি। ডা. আর্নল্ড ক্লেইন অবশ্য সপ্তাহখানেক আগে এবিসি'র 'গুডমর্নিং আমেরিকা' অনুষ্ঠানে দেওয়া সাক্ষাৎকারে জ্যাকসনকে ডাইপ্রিভানের মতো মারাত্মক ধরনের উত্তেজনানাশক ওষুধ দেওয়ার কথা অস্বীকার করেন। অথচ মৃত্যুর পর জ্যাকসনের বাড়ি থেকে ওষুধটি পাওয়া যাওয়ার খবর বের হয়। গত ২৫ জুন জ্যাকসনকে অচেতন অবস্থায় হাসপাতালে নেওয়া হলে তিনি মারা যান। এখন পর্যন্ত তার মৃত্যুর কারণ জানা যায়নি। আশা করা হচ্ছে বিষবিদ্যার রিপোর্ট এলেই তার মৃত্যুর কারণ জানা যাবে। রিপোর্ট আসতে ৬ সপ্তাহ সময় লাগবে। জ্যাকসনের গণস্মরণানুষ্ঠানের দুদিন পেরিয়ে যাওয়ার পরও জানা যায়নি কোথায় এ পপস্টারকে কবর দেওয়া হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএম/এমএইচবি/১৭৪১ ঘ.