সান জোসে কোস্টারিকা, জুলাই ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- হন্ডুরাসের উৎখাতকৃত প্রেসিডেন্ট মানুয়েল জেলায়া এবং অন্তর্বর্তী প্রেসিডেন্ট রবার্তো মিচেলেত্তি বৃহস্পতিবার মধ্যস্থতাকারীর সঙ্গে আলোচনায় বসেছেন। কিন্তু জেলায়া ও মিচেলেত্তির মধ্যে সরাসরি কোনও বৈঠক হয়নি। রাজনৈতিক সঙ্কট সমাধানে আলোচনায় কোনও অগ্রগতিও হয়নি।
কোস্টারিকার রাজধানী সান জোসেতে মধ্যস্থতাকারী প্রেসিডেন্ট অস্কার আরিয়াসের সঙ্গে আলাদা আলাদাভাবে বৈঠক করেন জেলায়া ও মিচেলেত্তি। আলোচনায় জেলায়া তাকে হন্ডুরাসের প্রেসিডেন্ট পদে পুনর্বহালের দাবি পুনর্ব্যক্ত করেন। অন্যদিকে, মিচেলেত্তি এই দাবি নাকচ করেন।
মিচেলেত্তি বলেন, জেলায়া তার বিচারে রাজি না হওয়া পর্যন্ত তাকে প্রেসিডেন্ট পদে পুনর্বহালের আলোচনা চলবে না।
বৈঠকে কোনও আগ্রগতি না হলেও দুপক্ষের সঙ্গে আলোচনা শুরু হওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন আরিয়াস। জেলায়াকে পুনর্বহালের বিষয়টিই সবচেয়ে বড় বিরোধ বলে জানিয়েছেন তিনি।
আরিয়াস বলেন, "আলোচনায় অভাবনীয় ফল হয়। তবে তাৎক্ষণিক নয়। আর এই সংকটে আলোচনায় ফল পেতে কল্পনাতীতরকম বেশি সময় লেগে যেতে পারে।"
দু'নেতার মধ্যে সরাসরি কোনও বৈঠক হয়নি বলে জানিয়েছেন কোস্টারিকার প্রেসিডেন্টের মুখপাত্র পাবলো গুয়েরেন।
গত ২৮ জুন হন্ডুরাসের সেনাবাহিনী জেলায়াকে উৎখাত করে। এরপর মিচেলেত্তি হন্ডুরাসের অন্তর্বর্তী প্রেসিডেন্ট হন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৪৪৪ ঘ.
bdnews24