উরুমছি, জুলাই ৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)---- দাঙ্গা বিক্ষুব্ধ জিনজিয়াং প্রদেশে সামাজিক স্থিতিশীলতা রক্ষা করাটাই এ মুহূর্তে সবচে জরুরি কাজ বলে মন্তব্য করেছেন চীনের প্রেসিডেন্ট হু জিনতাও। একইসঙ্গে তিনি দাঙ্গাকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার কথাও বলেন। জিনজিয়াং পরিস্থিতির কারণে জি-এইট সম্মেলন বাতিল করে দেশে ফেরার পর হু জিনতাওয়ের এটিই প্রথম প্রকাশ্য বক্তব্য। চীনের রাষ্ট্রীয় টেলিভিশন বৃহস্পতিবার একথা জানিয়েছে।
জিনজিয়াং প্রদেশের রাজধানী উরুমছিতে গত রোববার শুরু হওয়া দাঙ্গায় ১৫৬ জন নিহত এবং ১০৮০ মানুষ আহত হয়েছে। হু এই দাঙ্গাকে দেশে এবং বিদেশে তিনটি শক্তির পরিকল্পিত 'মারাত্মক সহিংস অপরাধ' বলে বর্ণনা করেছেন।
'তিন শক্তি' বলতে তিনি ধর্মীয় চরমপন্থী, বিচ্ছিন্নত্বাদী এবং সন্ত্রাসীদের বুঝিয়েছেন।
তিনি আরও বলেন, "স্থানীয় কর্তৃপক্ষের উচিত দাঙ্গাকারীদের ছোট ছোট দলগুলোকে একঘরে করে কঠোর শাস্তি দেওয়া।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৮৪৮ ঘ.
bdnews24