লা ইকুইলা, জুলাই ৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- বিশ্ব উষ্ণায়ন ২০৫০ সালের মধ্যে শিল্প বিপ্লব যুগের তাপমাত্রার চেয়ে সর্বোচ্চ ২ ডিগ্রি সেলসিয়াসে (৩ দশমিক ৬ ফারেনহাইট) সীমাবদ্ধ রাখতে একমত হয়েছেন জিএইট সম্মেলনের নেতারা। একইসঙ্গে ওই সময়ের মধ্যে কার্বন নির্গমন ৫০ থেকে ৮০ শতাংশ কমানোরও প্রতিশ্র"তি দিয়েছেন তারা।
ইতালির লা ইকুইলায় তিনদিনব্যাপী এই সম্মেলনের প্রথম দিন বুধবার নেতারা এই লক্ষ্যমাত্রায় একমত হন। বিশ্বের নড়বড়ে অর্থনৈতিক অবস্থাও প্রথমদিনের আলোচনায় প্রাধান্য পায়। যুক্তরাষ্ট্র, জাপান, জার্মানি, ফ্রান্স, ব্রিটেন, ইতালি, কারাডা ও রাশিয়া প্রতিটি দেশই অর্থনৈতিক স্থিতিশীলতায় বিরাজবান ভয়াবহ ঝুঁকির কথা স্বীকার করে।
ওদিকে, বিশ্ব উষ্ণায়ন প্রসঙ্গে ইতালির প্রধানমন্ত্রী সিলভিও বার্লুসকোনি বলেন, শিল্প বিপ্লব শুরুর পর থেকে ব্যাপকমাত্রায় জীবাশ্ম জ্বালানি ব্যবহারের কারণে বিশ্বের তাপমাত্রা ইতোমধ্যেই প্রায় ০ দশমিক ৭ সেলসিয়াস বেড়েছে। ফলে প্রত্যেকেরই কাঁধে কাঁধ মিলিয়ে এই সমস্যা সমাধানের ভার বহন করা উচিত।
বিশ্লেষকরা বলছেন, জি-এইট এর বিশ্ব উষ্ণায়নের নতুন লক্ষ্যমাত্রাটি প্রশ্নসাপেক্ষ। তাছাড়া, এ লক্ষ্যমাত্রা কিভাবে অর্জন করা হবে তারও কোনও নির্দেশনা নেতারা দেননি।
উন্নয়নশীল দেশগুলো ২ ডিগ্রি সেলসিয়াসে বিশ্ব উষ্ণায়ন সীমাবদ্ধ রাখার লক্ষ্যমাত্রা মেনে নিতে রাজি থাকার মনোভাব দেখালেও এটি অর্জনের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ হিসাবে কার্বন নির্গমন ব্যাপকমাত্রায় কমাতে তারা রাজি নয়। বিশেষ করে যতক্ষণ পর্যন্ত না তারা উন্নত দেশগুলোর কাছ থেকে আরও অর্থনৈতিক সহযোগিতার প্রতিশ্র"তি পাচ্ছে।
ভারতের আলোচকরা বলেছেন, তারা চায় ধনী দেশগুলো প্রথমে উন্নয়নশীল দেশগুলোকে তাদের বিভিন্ন সমস্যা মোকাবেলায় অর্থ সহায়তা দেওয়ার পরিকল্পনা নিক।
কিন্তু বার্লুসকোনি বলেন, কেবল ইউরোপীয় দেশগুলো এবং জাপান, যুক্তরাষ্ট্র, কানাডা কার্বন নির্গমণ হ্রাসের পদক্ষেপ নেবে আর বাদবাকী বিশ্ব যেমন চলছে তেমনই চললে বিশ্ব উষ্ণায়ন হ্রাসের লক্ষ্যমাত্রা কোনও ফল বয়ে আনবে না।
সংবাদদাতারা বলছেন, বিভিন্ন লক্ষ্যমাত্রা চূড়ান্ত করতে আরও কঠিন আলোচনা সামনে আছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৪১৮ ঘ.
bdnews24