২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কোস্টারিকায় মিচেলেত্তি-জেলায়া আলোচনা বৃহস্পতিবার

হন্ডুরাসের অন্তবর্তী প্রেসিডেন্ট রবার্তো মিচেলেত্তির সঙ্গে কোস্টারিকার মধ্যস্থতায় বৃহস্পতিবার আলোচনায় বসতে রাজি হয়েছেন সেনা অভ্যুত্থানে উৎখাতকৃত প্রেসিডেন্ট মানুয়েল জেলায়া। আলোচনায় রাজি মিচেলেত্তিও।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jul 2009, 03:33 AM

Updated : 26 Aug 2022, 11:43 AM

ওয়াশিংটন, জুলাই ৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- হন্ডুরাসের অন্তবর্তী প্রেসিডেন্ট রবার্তো মিচেলেত্তির সঙ্গে কোস্টারিকার মধ্যস্থতায় বৃহস্পতিবার আলোচনায় বসতে রাজি হয়েছেন সেনা অভ্যুত্থানে উৎখাতকৃত প্রেসিডেন্ট মানুয়েল জেলায়া। আলোচনায় রাজি মিচেলেত্তিও। ওয়াশিংটন থেকে হন্ডুরান বেতারে জেলায়া বলেন, "আমাদের প্রথম বৈঠকের দিন নির্ধারণ করা হয়েছে বৃহস্পতিবার।" যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন মঙ্গলবার জেলায়ার সঙ্গে বৈঠকের পর কোস্টারিকার প্রেসিডেন্ট অস্কার আরিয়াসের মধ্যস্থতায় দুই প্রতিপক্ষের বৈঠকে রাজি হওয়ার ওই খবর জানান। মধ্য আমেরিকার সংঘাত নিরসনে অবদানের জন্য ১৯৮৭ সালে নোবেল পুরস্কার পান আরিয়াস। দুপক্ষের মধ্যস্থতার জন্য তিনিই নিরপেক্ষ ব্যক্তি বলে ক্লিনটন মন্তব্য করেন। জেলায়া ও মিচেলেত্তি দু'নেতাই কোস্টারিকার মধ্যস্থতায় আলোচনা মেনে নিলেও আপোসের মনোভাব দেখাননি কেউই। জেলায়া বলেছেন, তাকে প্রেসিডেন্ট পদে পুনর্বহালের বিষয়টি আলোচনার উর্ধ্বে। তিনি বলেন, "এটি আলোচনা নয়। এটি হচেছ সেনা অভ্যুত্থানের নেতাদের প্রস্থানের পরিকল্পনা।" ওদিকে, মিচেলেত্তি তার অটল অবস্থান তুলে ধরে বলেছেন, "জেলায়া প্রেসিডেন্ট পদে ফিরতে পারেন না। আমরা আলোচনা করব না। কথা বলব। আমরা এই আলাপচারিতায় বসছি। কারণ, আমরা হন্ডুরাসে শান্তি ফেরাতে চাই।" জেলায়াকে দেশে ফিরতে দেওয়া এবং প্রেসিডেন্ট পদে পুনর্বহালের ক্রমবর্ধমান আন্তর্জাতিক চাপ উপেক্ষা করে আসছে হন্ডুরাসের অন্তর্বর্তী সরকার। অর্গানাইজেশন অব আমেরিকান স্টেটস (ওএএস) এবং যুক্তরাষ্ট্রের বেঁধে দেওয়া সময়সীমার মধ্যে হন্ডুরাস জেলায়াকে প্রেসিডেন্ট পদে পুনর্বহাল না করায় গত শনিবার দেশটির সদস্যপদ স্থগিত করেছে ওএএস। হন্ডুরাসের সেনাবাহিনী ২৮ জুন জেলায়াকে উৎখাত করে কোস্টারিকায় নির্বাসনে পাঠায়। জেলায়া এরপর দেশে ফেরার অঙ্গীকার করলে হন্ডুরাস সরকার তাকে গ্রেপ্তারের হুমকি দেয়। জেলায়া এ হুমকি অগ্রাহ্য করে রোববার দেশে ফেরার চেষ্টা করে ব্যর্থ হন। জেলায়াকে নিয়ে সঙ্কট সমাধানে এর আগে আগাম নির্বাচন দেওয়ার সম্ভাবনার কথা জানিয়েছিল হন্ডুরাস সরকার। তাছাড়া, জেলায়াকে তার মেয়াদের শেষ কয়েকমাসের জন্য পুনর্বহাল করতে গণভোটও অনুষ্ঠান করা সম্ভব বলে জানিয়েছিলেন মিচেলেত্তি। তবে তাৎক্ষণিকভাবে এর আয়োজন করা কঠিন বলেও মন্তব্য করেন তিনি। ২০০৬ সাল থেকে হন্ডুরাসের ক্ষমতায় থাকা প্রেসিডেন্ট জেলায়া তার ৪ বছর মেয়াদ শেষের পরও তা বাড়াতে সংবিধান পরিবর্তনের পদক্ষেপ নেওয়ার চেষ্টা চালানোয় বিচারবিভাগ, কংগ্রেস এবং সেনাবাহিনী ক্ষুব্ধ হয়। জেলায়া বিষয়টি নিয়ে গণভোট অনুষ্ঠানের চেষ্টা নেওয়ার আগেই তাকে আটক করে কোস্টারিকায় পাঠিয়ে দেয় সেনাবাহিনী। জেলায়াকে উৎখাতের পর কংগ্রেস রোবার্তো মিচেলেত্তিকে নতুন অন্তর্বর্তী প্রেসিডেন্ট ঘোষণা করে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/এলকিউ/১১০০ ঘ.