২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

হন্ডুরাসের নিন্দায় যুক্তরাষ্ট্র, জেলায়াকে পুনর্বহালের আহ্বান

হন্ডুরাসে সেনা অভ্যুত্থানে উৎখাতকৃত প্রেসিডেন্ট মানুয়েল জেলায়াপন্থি বিক্ষোভকারীদের বিরুদ্ধে সোমবার সহিংসতার নিন্দা জানিয়েছে যুক্তরাষ্ট্র। একইসঙ্গে জেলায়াকে প্রেসিডেন্ট পদে পুনর্বহালের আহ্বান জানিয়েছে ওয়াশিংটন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jul 2009, 04:01 AM

Updated : 26 Aug 2022, 11:42 AM

তেগুছিগালপা, জুলাই ৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)----- হন্ডুরাসে সেনা অভ্যুত্থানে উৎখাতকৃত প্রেসিডেন্ট মানুয়েল জেলায়াপন্থি বিক্ষোভকারীদের বিরুদ্ধে সোমবার সহিংসতার নিন্দা জানিয়েছে যুক্তরাষ্ট্র। একইসঙ্গে জেলায়াকে প্রেসিডেন্ট পদে পুনর্বহালের আহ্বান জানিয়েছে ওয়াশিংটন। গত সপ্তাহে সেনা অভ্যুত্থানের পর থেকে আন্তর্জাতিক অঙ্গনে ক্রবমবর্ধমান বিচ্ছিন্নতার মুখে রয়েছে হন্ডুরাস। হন্ডুরাসের অন্তর্বর্তী সরকার রোববার জেলায়ার দেশে ফেরার চেষ্টায় বাধা দিয়েছে। তেগুছিগালপায় জেলায়ার বিমান ফিরিয়ে দেওয়ার সময় বিমানবন্দরে অবস্থানরত জেলায়া সমর্থকদের সঙ্গে সেনাদের সংর্ঘষ হয়েছে। এতে একজন নিহতও হয়। ২৮ জুনে সেনা অভ্যুত্থানের পর বিক্ষোভে এটিই প্রথম নিহতের ঘটনা। যুক্তরাষ্ট্রে পররাষ্ট্রদপ্তরের মুখপাত্র আয়ান কেলি ওয়াশিংটনে বলেন, " আমরা তেগুছিগালপায় বিক্ষোভকারীদের বিরুদ্ধে শক্তি প্রয়োগের নিন্দা জানাই। সব ধরনের সহিংসতা থেকে বিরত থাকার জন্য আমরা হন্ডুরাস প্রশাসন ও নেতাদের আরও একবার আহ্বান জানাচ্ছি।" জেলায়ার সঙ্গে মঙ্গলবার ওয়াশিংটনে দেখা করার কথা রয়েছে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটনের। একজন মার্কিন কর্মকর্তা একথা জানিয়েছেন। জেলায়াকে উৎখাতের নিন্দা জানানোর পর তার প্রতি ওবামা প্রশাসনের প্রকাশ্য সমর্থনের প্রতীক হিসাবেই হিলারি এ সাক্ষাৎ করবেন। সোমবার হন্ডুরাসের রাস্তায় নতুন করে বিক্ষোভ করেছে জেলায়াপন্থি হাজার হাজার বিক্ষোভকারী। প্রেসিডেন্ট প্রাসাদ অভিমুখে বিক্ষোভ করে তারা। এ সময় তারা সেনাদেরকে 'খুনী' বলে স্লেগান দেয়। তবে বিক্ষোভ শান্তিপূর্ণভাবেই শেষ হয়। কেলি বলেছেন, যুক্তরাষ্ট্র আলাপ আলোচনার মাধ্যমে হন্ডুরাস সংকটের শান্তিপূর্ণ, সাংবিধানিক এবং স্থায়ী সমাধান চায়। এ সম্পর্কে ব্যাখ্যা চাইলে কেলি বলেন, তাৎক্ষণিকভাবে এর অর্থ হল, গণতান্ত্রিকভাবে নির্বাচিত প্রেসিডন্টকে তেগুছিগালপায় ফিরতে দেওয়া। জেলায়াকে দেশে ফিরতে দেওয়া এবং প্রেসিডেন্ট পদে পুনর্বহালের ক্রমবর্ধমান আন্তর্জাতিক চাপ উপেক্ষা করে আসছে হন্ডুরাসের অন্তর্বর্তী সরকার। অর্গানাইজেশন অব আমেরিকান স্টেটস (ওএএস) এবং যুক্তরাষ্ট্রের বেঁধে দেওয়া সময়সীমার মধ্যে হন্ডুরাস জেলায়াকে প্রেসিডেন্ট পদে পুনর্বহাল না করায় গত শনিবার দেশটির সদস্যপদ স্থগিত করেছে ওএএস। হন্ডুরাসের সেনাবাহিনী ২৮ জুন জেলায়াকে উৎখাত করে কোস্টারিকায় নির্বাসনে পাঠায়। জেলায়া এরপর দেশে ফেরার অঙ্গীকার করলে হন্ডুরাস সরকার তাকে গ্রেপ্তারের হুমকি দেয়। জেলায়া এ হুমকি অগ্রাহ্য করে রোববার দেশে ফেরার চেষ্টা করে ব্যর্থ হন। জেলায়াকে নিয়ে সঙ্কট সমাধানে এর আগে আগাম নির্বাচন দেওয়ার সম্ভাবনার কথা জানিয়েছিল হন্ডুরাস সরকার। তাছাড়া, জেলায়াকে তার মেয়াদের শেষ কয়েকমাসের জন্য পুনর্বহাল করতে গণভোটও অনুষ্ঠান করা সম্ভব বলে জানিয়েছিলেন মিচেলেত্তি। তবে তাৎক্ষণিকভাবে এর আয়োজন করা কঠিন বলেও মন্তব্য করেন তিনি। ২০০৬ সাল থেকে হন্ডুরাসের ক্ষমতায় থাকা প্রেসিডেন্ট জেলায়া তার ৪ বছর মেয়াদ শেষের পরও তা বাড়াতে সংবিধান পরিবর্তনের পদক্ষেপ নেওয়ার চেষ্টা চালানোয় বিচারবিভাগ, কংগ্রেস এবং সেনাবাহিনী ক্ষুব্ধ হয়। জেলায়া বিষয়টি নিয়ে গণভোট অনুষ্ঠানের চেষ্টা নেওয়ার আগেই তাকে আটক করে কোস্টারিকায় পাঠিয়ে দেয় সেনাবাহিনী। জেলায়াকে উৎখাতের পর কংগ্রেস রোবার্তো মিচেলেত্তিকে নতুন অন্তর্বর্তী প্রেসিডেন্ট ঘোষণা করে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১১০০ ঘ.