২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ওএএস সদস্যপদ স্থগিত হওয়ার পথে হন্ডুরাস

হন্ডুরাসের অন্তর্বর্তী সরকার উৎখাতকৃত প্রেসিডেন্ট মানুয়েল জেয়ালাকে ক্ষমতায় বসাতে অস্বীকৃতি জানানোয় অর্গানাইজেশন অব আমেরিকান স্টেটস (ওএএস) শনিবার দেশটির সদস্যপদ স্থগিত করার প্রস্তুতি নিচ্ছে। হন্ডুরাস উল্টো ওএএস সনদ পরিত্যাগ করারও ঘোষণা দিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jul 2009, 11:09 AM

Updated : 26 Aug 2022, 11:41 AM

তেগুছিগালপা, জুলাই ৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- হন্ডুরাসের অন্তর্বর্তী সরকার উৎখাতকৃত প্রেসিডেন্ট মানুয়েল জেয়ালাকে ক্ষমতায় বসাতে অস্বীকৃতি জানানোয় অর্গানাইজেশন অব আমেরিকান স্টেটস (ওএএস) শনিবার দেশটির সদস্যপদ স্থগিত করার প্রস্তুতি নিচ্ছে। হন্ডুরাস উল্টো ওএএস সনদ পরিত্যাগ করারও ঘোষণা দিয়েছে। ওএএস এবং যুক্তরাষ্ট্র জেলায়াকে প্রেসিডেন্ট পদে পুনর্বহালের জন্য হন্ডুরাসকে শনিবার পর্যন্ত সময় বেঁধে দিয়েছিল। অন্যথায় হন্ডুরাসকে একঘরে করার হুমকি দেওয়া হয়। কিন্তু হন্ডুরাসের বর্তমান শাসকরা এই হুমকিকে পাত্তা না নিয়ে আমেরিকার দেশগুলোর সংস্থা থেকে দূরে থাকার সিদ্ধান্ত নিয়েছে। অন্তর্বর্তী সরকার প্রধান রবার্তো মিচেলেত্তি বলেছেন, "বিদেশি সরকারগুলোর দাবির কাছে মাথা নত করে অসম্মানের সঙ্গে বাঁচার চেয়ে উচ্চ মূল্য দেওয়া ভাল।" হন্ডুরাস প্রশাসন এ পর্যন্ত জেলায়াকে পুনর্বহালের আন্তর্জাতিক চাপ উপেক্ষা করে এসেছে। হন্ডুরাসের সেনাবাহিনী গত রোববার জেলায়াকে উৎখাত করে কোস্টারিকায় নির্বাসনে পাঠায়।