২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাদ্দাম ইরানকে লক্ষ্য করেই মারণাস্ত্র থাকার ভান করেছিলেন: এফবিআই

সাদ্দাম হোসেন বিশ্বাস করতেন ইরান তার দেশের প্রতি মারাত্মক হুমকি। তিনি শত্র"র হুমকির মুখে দেশকে নাজুক অবস্থায় দেখতে চাননি বলেই ইরাকে ব্যাপক বিধ্বংসী অস্ত্র থাকার সম্ভাবনা উন্মুক্ত রেখেছিলেন। সাদ্দামকে জিজ্ঞাসাবাদের ভিত্তিতে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা এফবিআই'র তৈরি করা রিপার্টটি বুধবার প্রকাশ পাওয়ায় এ কথা জানা গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jul 2009, 10:49 AM

Updated : 26 Aug 2022, 11:41 AM

ওয়াশিংটন, জুলাই ২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- সাদ্দাম হোসেন বিশ্বাস করতেন ইরান তার দেশের প্রতি মারাত্মক হুমকি। তিনি শত্র"র হুমকির মুখে দেশকে নাজুক অবস্থায় দেখতে চাননি বলেই ইরাকে ব্যাপক বিধ্বংসী অস্ত্র থাকার সম্ভাবনা উন্মুক্ত রেখেছিলেন। সাদ্দামকে জিজ্ঞাসাবাদের ভিত্তিতে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা এফবিআই'র তৈরি করা রিপার্টটি বুধবার প্রকাশ পাওয়ায় এ কথা জানা গেছে। ২০০৪ সালের জুনে ইরাকের সাবেক প্রেসিডেন্ট সাদ্দামকে ব্যাপক বিধ্বংসী অস্ত্রের বিষয়ে জিজ্ঞাসাবাদ করেন এফবিআই'র স্পেশাল এজেন্ট জর্জ পিরো। তিনি তার নোটে লেখেন, "হোসেন চাইতেন, ইরাক শত্র"দের কাছে, বিশেষ করে ইরানের কাছে দুর্বল থাকবে না।" রিপোর্টে বলা হয়েছে, সাদ্দাম মনে করতেন ওই অঞ্চলে অনেকেই ইরাকের প্রতি হুমকি সৃষ্টি করেছে, ইরাককে অবশ্যই আত্মরক্ষার শক্তি সঞ্চয় করতে হবে। বুধবার প্রকাশ করা রিপোর্টটিতে আরও লেখা হয়, সাদ্দাম বলেছেন, তিনি ইরাকে জাতিসংঘের অস্ত্র পরিদর্শকদের বাধা দেওয়ার ফলে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য ব্যবস্থার চেয়ে ইরাকের দুর্বলতা ও নাজুকতার দিকটি ইরান বুঝে ফেলছে ভেবে বেশি উদ্বিগ্ন ছিলেন। "তার মতে, জাতিসংঘের অস্ত্র পরিদর্শকদের কারণে ইরাকে কোথায় আঘাত করলে সর্বোচ্চ ক্ষতিসাধন করা যাবে তা ইরানের কাছে স্পষ্ট হয়ে যাবে।" এফবিআই'র এই দলিল যুক্তরাষ্ট্রের বেসরকারি গবেষণা সংস্থা ন্যাশনাল সিকিউরিটি আর্কাইভ হাতে পাওয়ার পর প্রকাশ করেছে। ১৯৮০ সালে সাদ্দাম হোসেন ইরানের সঙ্গে রক্তক্ষয়ী যুদ্ধে জড়িয়ে পড়ে যা ১৯৮৮ সাল পর্যন্ত চলে। এসময় ইরাক রাসায়নিক অস্ত্রও ব্যবহার করে। সাবেক মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ সাদ্দাম সরকারের কাছ থেকে ব্যাপক বিধ্বংসী অস্ত্রের হুমকির কথা বলে ২০০৩ সালে ইরাক যুদ্ধ শুরু করেন। তবে ওইরকম কোনো অস্ত্র আজও পাওয়া যায়নি। ২০০৩ সালের ডিসেম্বরে মার্কিন সেনাবাহিনী সাদ্দাম হোসেনকে গ্রেপ্তারের পর এফবিআই'র স্পেশাল এজেন্ট তার সঙ্গে ২০ বার আনুষ্ঠানিক সাক্ষাৎ এবং কমপক্ষে পাঁচবার ঘরোয়াভঙ্গিতে আলোচনা করেন। আরবিভাষা পারঙ্গম জর্জ পিরো ২০০৪ সালের ফেব্র"য়ারি থেকে জুনের মধ্যে বাগদাদ আন্তর্জাতিক বিমানবন্দরের কারাকক্ষে সাদ্দামের সঙ্গে এসব সাক্ষাৎ করেন। সাদ্দাম হোসেনও তাকে বন্দি করা মার্কিন প্রেসিডেন্ট বুশের মতোই ইরানি কট্টর মোল্লাদের প্রতি ক্ষুব্ধ ছিলেন। এফবিআই'র এজেন্টের কাছে তিনি আল কায়েদা নেতা ওসামা বিন লাদেনের সঙ্গে কোনোরকম যোগাযোগ থাকার কথাও অস্বীকার করেন। তিনি লাদেনকে 'ধর্মোন্মাদ' অভিহিত করেন। এফবিআই'র রেকর্ড অনুযায়ী, সাদ্দাম মনে করতেন সংকটকালে উত্তর কোরিয়া তার সবচেয়ে কাছের মিত্র হবে। সাদ্দাম ১৯৯১ সালে পারস্য উপসাগরীয় যুদ্ধের সময় ইসরায়েলকে লক্ষ্য করে স্কাড ক্ষেপণাস্ত্র ছোঁড়ার আদেশ দেওয়ার ব্যক্তিগত দায়ভার গ্রহণ করে এই বিশ্বাস ব্যক্ত করেন যে, আরবদের সব সমস্যার মূলে রয়েছে ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রে এর প্রভাব। সাক্ষাৎকারগুলোতে সাদ্দাম তাকে নিয়ে বিশ্বে তৈরি হওয়া বেশকিছু ধারণা বাতিল করে দেন। যেমন তিনি তার মতো চেহারার অনেককে সাদ্দাম সাজিয়ে আত্মরক্ষা করতেন এই ধারণাকে মিথ আখ্যা দেন। মানবতার বিরুদ্ধে অপরাধের দায়ে ইরাকি আদালতের রায়ে মৃত্যুদণ্ড পাওয়ার পর ২০০৬ সালের ডিসেম্বরে সাদ্দাম হোসেনকে ফাঁসি দেওয়া হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচবি/১৭৫১ ঘ.