২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মা ও সন্তানদের নামে উইল করে গেছেন জ্যাকসন

পপ সম্রাট মাইকেল জ্যাকসন মারা যাওয়ার আগে তার মা ও সন্তানদের নামে মিলিয়ন মিলিয়ন ডলারের সম্পত্তি উইল করে গেছেন। বুধবার আদালতে এই উইল দাখিল করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jul 2009, 06:36 AM

Updated : 26 Aug 2022, 11:41 AM

লস এঞ্জেলেস, জুলাই ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- পপ সম্রাট মাইকেল জ্যাকসন মারা যাওয়ার আগে তার মা ও সন্তানদের নামে মিলিয়ন মিলিয়ন ডলারের সম্পত্তি উইল করে গেছেন। বুধবার আদালতে এই উইল দাখিল করা হয়েছে। উইলে জ্যাকসনের ৫০০ মিলিয়ন ডলারেরও বেশি মূল্যের সম্পত্তি রয়েছে। ফ্যামিলি ট্রাস্টে দেওয়া এই সম্পত্তি থেকে মূলত লাভবান হবেন জ্যাকসনের তিন সন্তান, মা আর দাতব্য সংগঠনগুলো। উইলে জ্যাকসনের সাবেক স্ত্রী ডেবি রোয়ের নাম নেই। নাম আছে জ্যাকসনের ৭৯ বছরের বুড়ো মা ক্যাথেরিনের। তিনিই এখন জ্যাকসনের তিন সন্তান প্রিন্স মাইকেল জ্যাকসন (১২), প্যারিস মাইকেল ক্যাথেরিন জ্যাকসন (১১) এবং প্রিন্স মাইকেল জোসেফ জ্যাকসন (৭) কে দেখভালের সাময়িক দায়িত্বে। ক্যাথেরিন অভিভাবকের দায়িত্ব পালনে অপারগ হলে দায়িত্ব বর্তাবে জ্যাকসনের দীর্ঘদিনের বন্ধু ডায়ানা রসের ওপর। সাবেক স্ত্রী রোয়ে জাকসনের বড় দুই সন্তানের জননী। রোয়ে ওই দুই সন্তানের মা নন-- এমন দাবিকে পুরোপুরি মিথ্যা বলে উড়িয়ে দিয়েছেন রোয়ের আইনজীবী। উইল প্রকাশিত হওয়ার আগেই লস এঞ্জেলেসের আদালত জ্যাকসনের মা ক্যাথেরিনকে তার সন্তানদের সাময়িক অভিভাবকত্ব দেন। ৬ জুলাই পরবর্তী শুনানির আগ পর্যন্ত এ দায়িত্ব তিনিই পালন করবেন। জ্যাকসনের মৃত্যুর পর থেকেই তার একাধিক উইল থাকার সম্ভাবনা এবং তা নিয়ে আইনি লড়াইয়ের গুঞ্জন শুরু হয়। জ্যাকসন ৫০০ মিলিয়ন ডলারের ঋণ রেখে গেছেন বলে শোনা গেছে। তবে বিভিন্ন প্রতিবেদনে তার সম্পত্তির পরিমাণ ১ বিলিয়ন ডলার উল্লেখ করা হয়েছে। অন্যদিকে, জ্যাকসনের শেষকৃত্য এবং স্মরণসভা আয়োজনের বিষয়টি নিয়ে এখনও কোনও সিদ্ধান্তে আসতে পারেনি তার পরিবার। এক বিবৃতিতে জ্যাকসনের পরিবার জানিয়েছে, তাকে নেভারল্যান্ড ভ্যালি র‌্যাঞ্চে সমাহিত করা হবে না। সেখানে কোনও শেষকৃত্য কিংবা স্মরণসভাও হবে না। অথচ এর আগে গণমাধ্যম প্রতিবেদনে বলা হয়েছিল, জ্যাকসনকে নেভারল্যান্ডেই সমাহিত করা হবে। কয়েকটি গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, জ্যাকসনের শেষকৃত্যানুষ্ঠান আসছে মঙ্গলবার লস এঞ্জেলেসের স্টেপলস সেন্টারে অনুষ্ঠিত হবে। অন্য কয়েকটি মিডিয়া বলছে, ওখানে নয়, অনুষ্ঠানটি হবে নগরীর কলিসেয়াম স্পোর্টস স্টেডিয়ামে। কিন্তু জ্যাকসন পরিবারের কোনও খবরই নিশ্চিত করতে পারেননি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/ এএম/এলকিউ/১৩৪৩ ঘ.