নিউ ইয়র্ক, জুলাই ১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে বড় বিনিয়োগ কেলেঙ্কারিতে সর্বোচ্চ সাজাপ্রাপ্ত বার্নাড মেডফের সঙ্গে জড়িত ১০ বা তারও বেশিজনের বিরুদ্ধে অপরাধের অভিযোগ আনা হতে পারে বলে মার্কিন তদন্তকারীরা জানিয়েছেন। আইনপ্রয়োগকারী সংস্থার একটি সূত্র মঙ্গলবার একথা জানিয়েছেন।
বিনিয়োগ কেলেঙ্কারির জন্য মেডফকে সোমবার ১৫০ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত। বিনিয়োগকারীদের কোটি কোটি ডলার নিয়ে ধাপ্পাবাজি করার দায়ে বাকি জীবনটা জেলেই কাটাতে হবে কয়েক দশক ধরে ওয়াল স্ট্রিটের প্রভাবশালী এই ব্যক্তিকে।
গত ডিসেম্বরে মেডফকে গ্রেপ্তার করা হয় এবং মার্চে তিনি দোষ স্বীকার করেন।
আইনপ্রয়োগ সংস্থার সূত্র জানায়, "আরও লোকের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হবে। এ সংখ্যা ১০ বা তারও বেশি হতে পারে। তবে এটি একটি দীর্ঘ প্রক্রিয়া এবং বেশ কয়েক মাস সময় লাগতে পারে।" কৌসুলিরা বলেছেন, "তাদের সহায়তা ছাড়া মেডফের পক্ষে পনজি স্কীম চালানো সম্ভব হতো না।"
কাদেরকে ঘিরে তদন্ত চলছে ফেডারেল তদন্তকারীরা তা নির্দিষ্ট করে বলতে অস্বীকৃতি জানিয়েছেন। তবে মেডফের ফার্মে কাজ করেও তার কুকীর্তি সম্পর্কে জানা নেই কয়েকজনের এমন দাবি মেনে নিতে পারছেন না তদন্তকারীরা। আইনপ্রয়োগকারী সূত্র একথা জানিয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এলকিউ/১৪০৪ ঘ.
bdnews24