২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

গ্রেপ্তারের হুমকি উপেক্ষা করে হন্ডুরাসে ফেরার অঙ্গীকার জেলায়ার

বিদেশি নেতাদের সমর্থনের ভিত্তিতে হন্ডুরাসের অন্তর্বতী সরকারের গ্রেপ্তারের হুমকি উপেক্ষা করে দেশে ফেরার অঙ্গীকার করেছেন সেনা অভ্যুত্থানে উৎখাতকৃত প্রেসিডেন্ট মানুয়েল জেলায়া। মঙ্গলবার তিনি এই অঙ্গীকার করেন। জেলায়াকে পুনরায় ক্ষমতায় বসাতে হন্ডুরাসের ওপর আন্তর্জাতিক চাপ বাড়ছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jul 2009, 07:20 AM

Updated : 26 Aug 2022, 11:41 AM

টেগুচিগালপা, জুলাই ১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- বিদেশি নেতাদের সমর্থনের ভিত্তিতে হন্ডুরাসের অন্তর্বতী সরকারের গ্রেপ্তারের হুমকি উপেক্ষা করে দেশে ফেরার অঙ্গীকার করেছেন সেনা অভ্যুত্থানে উৎখাতকৃত প্রেসিডেন্ট মানুয়েল জেলায়া। মঙ্গলবার তিনি এই অঙ্গীকার করেন। জেলায়াকে পুনরায় ক্ষমতায় বসাতে হন্ডুরাসের ওপর আন্তর্জাতিক চাপ বাড়ছে। হন্ডুরাসের সেনাবাহিনী রোববার জেলায়াকে উৎখাত করে কোস্টারিকায় নির্বাসনে পাঠানোর পর গঠিত অন্তবর্তী সরকার হুমকি দিয়ে বলেছে, জেলায়া দেশে ফেরার সঙ্গে সঙ্গে তাকে গ্রেপ্তার করা হবে। কিন্তু ইতোমধ্যেই অর্গানাইজেশন অব আমেরিকান স্টেটস (ওএএস), যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন ও জাতিসংঘের সমর্থন পাওয়া জেলায়া ওই হুমকি অগ্রাহ্য করে বলেছেন, বৃহস্পতিবার তিনি দেশে ফিরবেন। তাকে সঙ্গ দেবেন আর্জেন্টিনা, ইকুয়েডরের প্রেসিডেন্টরা ছাড়াও জাতিসংঘ সাধারণ পরিষদ এবং 'ওএএস' প্রধানরা। জাতিসংঘ সাধারণ পরিষদ এর সদস্যদেশগুলোকে জেলায়া সরকারকে সমর্থন দেওয়ার আহ্বান জানানোর পর তিনি বলেন, "আমি বৃহস্পতিবার হন্ডুরাসে যাচ্ছি। আবার আমি প্রেসিডেন্ট পদে ফিরব।" ওদিকে, সিএনএন এর স্প্যানিশ ভাষার চ্যানেলে হন্ডুরাসের অর্ন্তর্বতী সরকারের পররাষ্ট্রমন্ত্রী এনরিক ওর্তেজ বলেন, " তার বিরুদ্ধে সংবিধান লঙ্ঘন, মাদক পাচার এবং সংগঠিত অপরাধের অভিযোগ আছে। তিনি দেশে ফেরামাত্রই আমরা তাকে গ্রেপ্তার করব। তাকে জেলে ভরা এবং দেশের আইনে বিচার করার জন্য আমরা গ্রেপ্তারি পরোয়ানা প্রস্তুত রেখেছি।" জেলায়ার সমর্থকরা সোমবার সারাদিন দাঙ্গা পুলিশ ও সেনাবাহিনীর সঙ্গে সংঘর্ষের লিপ্ত হওয়ার পর রাতে রাজধানী মূলত শান্ত ছিল। জেলায়ার প্রতি সোমবার সমর্থন ব্যক্ত করে ল্যাটিন আমেরিকার বামপন্থি দেশগুলোর নেতারা। বিশ্ব নেতারা অভ্যুত্থানের নিন্দা জানিয়েছে।