২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বিধ্বস্ত ইয়েমেনি বিমান থেকে মৃতদেহ উদ্ধার

১৫৩ জন আরোহী নিয়ে ইয়েমেনের এ৩১০-৩০০ এয়ারবাস মঙ্গলবার ভারত মহাসাগরের কমোরো দ্বীপপুঞ্জে খারাপ আবহাওয়ার মধ্যে অবতরণের সময় বিধ্বস্ত হয়েছে। (আরও তথ্যসহ-৩)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jun 2009, 07:28 AM

Updated : 26 Aug 2022, 11:40 AM

দুবাই, জুন ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- ১৫৩ জন আরোহী নিয়ে ইয়েমেনের এ৩১০-৩০০ এয়ারবাস মঙ্গলবার ভারত মহাসাগরের কমোরো দ্বীপপুঞ্জে খারাপ আবহাওয়ার মধ্যে অবতরণের সময় বিধ্বস্ত হয়েছে। ধ্বংসাবশেষ থেকে কয়েকটি মৃতদেহ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন ইয়েমেনিয়া এয়ারলাইনের এক কর্মকর্তা। তবে আরোহীদের কেউ বেঁচে আছে কিনা তা তিনি জানাতে পারেননি। প্যারিসের বিমানবন্দর জানিয়েছে, বিমানটিতে ৬৬ জন ফরাসি নাগরিক ছিল। বিমানের খোঁজে নামা ফ্রান্সের দুটি সামরিক বিমান বিধ্বস্ত বিমানটির ধ্বংসাবশেষ দেখতে পেয়েছে বলে রয়টার্সকে জানিয়েছেন আঞ্চলিক নিরাপত্তা পতিষ্ঠান এএসইসিএনএ'র কর্মকর্তা ইব্রাহিম কাশিম। ইয়েমেনিয়া এয়ারলাইনের এক কর্মকর্তা জানিয়েছেন, বিমানটিতে তিন শিশুসহ ১৪২ জন যাত্রী এবং ১১ জন ক্রু ছিল। এটি ইয়েমেনের রাজধানী সানা থেকে কমোরো দ্বীপপুঞ্জের প্রধান দ্বীপের রাজধানী মরোনিতে যাচ্ছিল। রয়টার্সকে ইয়েমেনিয়া এয়ারের ডেপুটি জেনারেল ম্যানেজার মোহাম্মদ আল-সুমাইরি জানান, "বিমানটির আরোহীদের কেউ বেঁচে আছে কিনা এবং এটি বিধ্বস্ত হওয়ার কারণই বা কী তা আমরা এখনও জানি না। " তিনি বলেন, "আবহাওয়া খারাপ ছিল। জোর বাতাস বইছিল। সাগর ছিল অশান্ত।" উপকূলে বাতাসের গতিবেগ ঘন্টায় ৬১ কিলোমিটার (৩৮ মাইল) রেকর্ড করা হয়েছে বলে জানিয়েছেন তিনি। তবে তিনি বলেন, অন্য কোনও কারণও থাকতে পারে। আটলান্টিক মহাসাগরে ১ জুনে ২২৮ আরোহী নিয়ে এয়ার ফ্রান্সের বিমান দুর্ঘটনার পর একই মাসে এটি আরেকটি বড় ধরনের বিমান দুর্ঘটনা। কমোরো দ্বীপপুঞ্জের ভাইস প্রেসিডেন্ট ইদি নাধোইম মোরোনির বিমানবন্দর থেকে রয়টার্সকে বলেন, "বিমানটি বিধ্বস্ত হয়েছে। তবে ঠিক কোথায় বিধ্বস্ত হয়েছে জানি না। এ দুর্ঘটনা মিতসামিউলিতে ঘটে থাকতে পারে বলে আমরা মনে করছি।" প্যারিস বিমানবন্দরের এক মুখপাত্র আগের খবরে জানান, বিমানটি সোমবার সকালে প্যারিস থেকে উড্ডয়ন করে ইয়েমেনে অবতরণ করে। পরে বিমানটি মোরোনির উদ্দেশে রওনা দেয়। ইব্রাহিম কাশিম বলেন, "বিমানটি সম্ভবত উপকূলের ৫ থেকে ১০ কিলোমিটার নীচে নেমে এসেছিল। অবতরণের সময় এটি সাগরে বিধ্বস্ত হয় বলে মনে করছি আমরা। আবহাওয়াও অনুকূল ছিল না। সাগর অশান্ত ছিল।" কোমোরো দ্বীপপুঞ্জের পুলিশ সূত্র প্রাথমিক খবরে জানায়, বিমানটি সাগরে পড়েছে বলেই মনে করা হচ্ছে। আমাদের সাগর থেকে উদ্ধারকাজ চালানোর সক্ষমতা নেই। পরিচয় প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা মোরোনিতে ইয়েমেনিয়া কার্যালয় থেকে ফোনে জানান, সাগরে বিমান বিধ্বস্ত হয়েছে। তবে ইয়েমেনে এক বিমান কর্মকর্তা এ ব্যাপারে কোনও মন্তব্য করতে অস্বীকৃতি জানান। কোমোরো দ্বীপপুঞ্জে আছে ছোট তিনটি আগ্নেয় দ্বীপ। গ্র্যান্ডে কোমোরে, আনজোয়ান ও মোহেলি দ্বীপ। দ্বীপগুলোর অবস্থান মোজাম্বিক চ্যানেলে মাদাগাস্কারের ৩০০ কিলোমিটার উত্তরপশ্চিমে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৪৩৪ ঘ.