নিউ ইয়র্ক, জুন ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে বড় বিনিয়োগ কেলেঙ্কারির হোতা বার্নাড মেডফের বহু প্রতীক্ষিত বিচারের রায় দেওয়া হচ্ছে সোমবার। বিনিয়োগকারীদের কোটি কোটি ডলার নিয়ে ফাটকাবাজি করার দায়ে কার্যত বাকি জীবন গরাদের আড়ালে কাটাতে হবে কয়েক দশক ধরে ওয়াল স্ট্রিটের প্রভাবশালী এই ব্যক্তিকে।
নিউ ইয়র্কের ম্যানহাটনে অবস্থিত ফেডারেল আদালতের বিচারক ৭১ বছর বয়সী মেডফকে দেড়শ বছরের কারাদণ্ড দেবেন বলে ধারণা করা হচ্ছে। স্থানীয় সময় সকালের দিকে শুরু হতে যাওয়া আদালতে বিনিয়োগকারীদের কয়েকজন মেডফের কারসাজিতে তাদের সারা জীবনের সঞ্চয় খুইয়ে পথে বসার মর্মন্তুদ কাহিনী তুলে ধরবেন।
প্রতারক মেডফ গত মার্চে একই আদালতে অপরাধ স্বীকার করে তার সব কৃতকর্মের ফিরিস্তি দিয়েছেন। তার আইনজীবী ইরা লী সরকিন আদালতের কাছে মেডফের জন্য কম শাস্তির আবেদন জানিয়ে বলেছেন তাকে ১২ বছরের কারাদণ্ড দিলেই ভাল হয়।
সরকিন বলেন, রায়ের দিন মেডফ বিচারকের সামনে কৃতকর্মের জন্য অনুশোচনা জানাবেন। তিনি যে যন্ত্রণায় ভুগছেন তা প্রকাশ করবেন।
সাবেক একজন ফেডারেল কৌঁসুলি ও নিউ ইয়র্কের ফোর্ডহাম বিশ্ববিদ্যালয়ের আইনের অধ্যাপক পল রাডভানি বলেছেন, "যে বিশাল পরিমাণ অর্থ তিনি লোপাট করেছেন, যে বিপুলসংখ্যক লোক তার অসাধুতার শিকার হয়েছেন তারজন্য মেডফের শাস্তিও তাই খুবই বেশি হতে যাচ্ছে।"
মেডফের প্রায় ১০০ জন গ্রাহকের বিচারকের কাছে পাঠানো চিঠি এবং শুনানিতে ১০ জনের তাদের পরিণতির বর্ণনা রায়ে গভীর প্রভাব ফেলবে।
আদালতের কাগজপত্র অনুযায়ী বিনিয়োগকারীরা এখনো জানেন না তাদের কী পরিমাণ অর্থ লোপাট হয়ে গেছে। মেডফের ১৩ শ'র বেশি গ্রাহকের হিসাবপত্র পরিক্ষায় প্রায় ১৩ বিলিয়ন ডলার গায়েব হওয়ার তথ্য জানা গেছে। মেডফের বিনিয়োগ প্রতিষ্ঠান বন্ধ করে দিয়ে ট্রাস্টি বোর্ড এখন পর্যন্ত বিনিয়োগকারীদের ফেরত দেওয়ার জন্য মাত্র ১ শ ২০ কোটি ডলার সংগ্রহ করতে পেরেছে।
কৌঁসুলিরা বলছেন, মেডফের মূল একাউন্ট পরীক্ষা করে দেখা গেছে, গত ডিসেম্বরে সে গ্রেপ্তার হওয়ার আগ পর্যন্ত কয়েক দশক ধরে শুধু এই একটি একাউন্ট থেকেই পাচার হয়ে গেছে ১৭০ বিলিয়ন ডলার। তার প্রতিষ্ঠান অবশ্য শুধু ৬৫ বিলিয়ন ডলারের হিসাব দিয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচবি/১৬৫০ ঘ.
bdnews24