বাগদাদ, জুন ২৮(বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - ইরাক নিজের নিরাপত্তা নিজেই সামলাতে পারে বলে শনিবার মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী নূরী আল মালিকি। চলতি সপ্তাহে বেশ কয়েক দফা বড় ধরনের বোমা হামলার পরও তিনি বলেন, জুন মাসের মধ্যে ইরাকের শহরগুলো থেকে মার্কিন সেনা প্রত্যাহারই প্রমাণ করে ইরাক নিজেই নিজের নিরাপত্তা রক্ষা করতে পারে।
চলতি মাসের শেষে ইরাকের বড় বড় শহর থেকে মার্কিন সেনা প্রত্যাহারের কাজ শেষ হবে। কয়েক বছরের সেনা দখলদারিত্বের পর এ পদক্ষেপকে ইরাকের সার্বভৌমত্বের জন্য মাইলফলক হিসাবেই দেখা হচ্ছে।
তবে তার আগেই এ সপ্তাহে রাজধানী বাগদাদ ও উত্তর ইরাকে বড় ধরনের কয়েকটি বোমা বিস্ফোরণের ঘটনা নিরাপত্তা সামাল দিতে ইরাকি বাহিনীর সক্ষমতা নিয়ে ইরাকিদের মনে সংশয় সৃষ্টি করেছে।
বাগদাদ এবং কিরকুকে দুটি বড় বোমা বিস্ফেরণে ১৫০ জনেরও বেশি মানুষ মারা গেছে। তাছাড়া শুক্রবার বাগদাদের এক মার্কেটে বোমায় মারা গেছে অন্তত ১৩ জন।
কিন্তু মালিকি বলছেন, "আমরা এখন নতুন দিনের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে যা ইরাকের সার্বভৌমত্বকে সুদৃঢ় করবে। বিশ্বের জন্য এটি একটা বার্তা যে, আমরা এখন নিজেদের নিরাপত্তা নিজেরাই সামলাতে সক্ষম।"
যুক্তরাষ্ট্র ও ইরাকের কর্মকর্তারা অবশ্য হুঁশিয়ার করে দিয়ে বলেছেন, সেনা প্রত্যাহারের পর জানুয়ারিতে ইরাকের সংসদীয় নির্বাচনকে সামনে রেখে হামলা আরও বাড়বে বলেই তারা আশঙ্কা করছেন। ।
কিন্তু মালিকি বলেছেন, "নিরাপত্তা বিধানে আমাদের নিরাপত্তা বাহিনীর ওপর আমাদের অনেক বেশি আস্থা আছে। তারা আল-কায়েদা এবং অপরাধী চক্র সামলাতে সক্ষম।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএম/এলকিউ/১৪৫৯ ঘ.
bdnews24