ডাবলিন, জুন ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)---- কিউবার গুয়ানতানামো বে মার্কিন বন্দি শিবিরের দুই উজবেক বন্দিকে পুনর্বাসনের জন্য নেওয়ার কথা ভেবে দেখছে আয়ারল্যান্ড। আয়ারল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী মাইকেল মার্টিন শুক্রবার একথা বলেছেন।
আইরিশ সরকার এ বছর শুরুর দিকে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামাকে গুয়ানতানামো বন্দিশিবির বন্ধে সহায়তা করতে ওই শিবিরের বন্দি নিতে রাজি থাকার আভাস দিয়েছিল।
পর্তুগাল এবং ইতালি গত সপ্তাহে গুয়ানতানামো বন্দি নিতে রাজি হয়। অন্যদিকে, হাঙ্গেরি এবং স্পেন বিষয়টি নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে। ইউরোপীয় ইউনিয়ন এর আগে বন্দি পুনর্বাসনে প্রস্তুত থাকার কথা জানানোর পর ওই দেশগুলো বন্দি নিতে রাজি হয়।
আয়ারল্যান্ডে নিউজটক রেডিও স্টেশনে মার্টিন বলেন, "যুক্তরাষ্ট্র উজবেকিস্তান থেকে দুইজনকে চিহ্নিত করেছে। তারা কিছুদিনের জন্য গুয়ানতানামোয় আছে।"
তিনি বলেন, "এদের একজনকে ভুল করে গুয়ানতানামোয় নেওয়া হয়েছে বলে মনে করেন তার উকিলরা। ফলে আমরা বিষয়টি খতিয়ে দেখছি।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৯১৯ ঘ.
bdnews24