লস এঞ্জেলেস, (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- ক্যান্সারের সঙ্গে দীর্ঘযুদ্ধ শেষে চার্লিস এঞ্জেলস খ্যাত অভিনেত্রী ফারাহ ফসেট বৃহস্পতিবার মারা গেছেন। তার বয়স হয়েছিল ৬২।
মধুর হাসি আর পিঙ্গল ঘন চুলের জন্য সত্তর দশকের সেক্স সিম্বল ফসেট প্রথমবারের মতো আলোচনায় আসেন লালরঙা সাঁতারপোশাক পরা পোস্টার দিয়ে।
২০০৬ সালে ফসেটের পায়ুপথে ক্যান্সার ধরা পড়ে। ২০০৭ সালে এটি তার যকৃতেও ছড়িয়ে পড়ে। জার্মানি এবং ক্যালিফোর্নিয়াতে চিকিৎসা করে এতদিন মৃত্যুর বিরুদ্ধে যুদ্ধ করেছিলেন তিনি।
ফসেটের দীর্ঘদিনের সঙ্গী অভিনেতা রায়ান ও' নীল এক বিবৃতিতে বলেন, "ক্যান্সারের সঙ্গে দীর্ঘ এবং এক সাহসী লড়াই শেষে আমাদের প্রিয় ফসেট চিরবিদায় নিয়েছেন।"
"যদিও সময়টা তার পরিবার এবং বন্ধুদের জন্য ভীষণ কষ্টের, তবু আমরা এই ভেবে শান্তি পেতে পারি যে বহু বছর ধরেই আমরা ফারাহর সঙ্গে দারুণ সময় কাটিয়েছি এবং তার জীবন ও কাজ পৃথিবীর বহু মানুষকে আনন্দ দিয়েছে।"
লস এঞ্জেলেস হাসপাতালে ছয় সপ্তাহ আগে তাকে নিয়ে একটি তথ্যচিত্র বানানো হয়। কিন্তু 'ফারাহস স্টোরি' নামের ওই তথ্যচিত্রে হাসপাতালের বেডে শুয়ে থাকা ফসেটের বিখ্যাত সেই চুল ছিল উধাও।
ও' নীল জানান, সে তার মতো করেই নিজের গল্প বলতে চেয়েছিল।
চলতি সপ্তাহর প্রথম দিকে ও' নীল এও বলেছিলেন, ফসেট তাকে বিয়ে করতে রাজি হয়েছিলেন। কিন্তু ফারাহ এবং ও নীলের মুখপাত্র জানান, তাদের বিয়ে কখনই হয়নি।
১৯৪৭ সালের ২ ফেব্র"য়ারি ফসেট টেক্সাসের কর্পাস ক্রিস্টিতে জন্মগ্রহণ করেন। তিনি চিত্রকলার ছাত্রী ছিলেন। পরে শ্যাম্পুর একটি বিজ্ঞাপনচিত্রে অভিনয়ের মাধ্যমে মডেলিংয়ে নামেন।
এরপরে তিনি নিয়মিত টেলিভিশনে অতিথিশিল্পী হিসাবে কাজ করতে থাকেন। এরই এক পর্যায়ে বিখ্যাত টেলিভিশন সিরিয়াল 'দি সিক্স মিলিয়ন ডলার ম্যান' খ্যাত অভিনেতা লি মেজরসকে বিয়ে করেন ১৯৭৪ সালে এবং তিনি এতে অভিনয় শুরু করেন। ১৯৮০ সালের প্রথম দিকে তাদের বিয়ে বিচ্ছেদ ঘটে।
মূলত ফসেটের ক্যারিয়ারের মোড় ঘুরিয়ে দেয় তার সেই লালরঙা সাঁতার পোশাক পরা পোস্টারটিই। সেটি কয়েক মিলিয়ন কপি বিক্রির পাশাপাশি তাকে তার জীবনের সেরা কীর্তি চার্লিস এঞ্জেলসের নায়িকা হিসাবে কাস্ট করতে সাহায্য করে ১৯৭৬ সালে।
অ্যাকশনধর্মী চার্লিস এঞ্জেলসের ঘটনাপ্রবাহ গড়ায় মারপিট পারঙ্গম তিন সুন্দরীর গোয়েন্দাগিরি নিয়ে। এখানে ফসেটের সঙ্গে বাকি দু'গোয়েন্দা সুন্দরীর ভূমিকায় অভিনয় করেন জ্যাকলিন স্মিথ এবং কেট জ্যাকসন।
তবে তিন গোয়েন্দা সুন্দরীর মাঝে উজ্জ্বলতম ছিলেন ফসেটই। তাকে নিয়েই দর্শকরা অনেক বেশি মাতামাতি করেছেন। এক মৌসুম পরেই অবশ্য ফসেট চার্লিস এঞ্জেলস ছেড়ে যান। পরে আইনি লড়াইয়ে জিতে তিনি আবার অতিথি তারকা হিসাবে ফিরে আসেন এই জনপ্রিয় টিভি শোতে।
সহ-অভিনেত্রী জ্যাকলিন স্মিথ বলেন," ফারাহর সাহস ছিল, শক্তি ছিল এবং তার বিশ্বাসও ছিল। এখন সে সত্যিকারের এঞ্জেলস হিসাবে শান্তিতে বিশ্রাম নেবে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএম/এমএইচবি/১৩৩৮ ঘ.
bdnews24