নাজরান, জুন ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- হত্যার উদ্দেশ্যে চালানো হামলায় সোমবার মারত্মক আহত হয়েছেন রাশিয়ার দক্ষিণে সমস্যাসঙ্কুল মুসলিম অঞ্চল ইঙ্গুশেটিয়ার প্রেসিডেন্ট ইউনুস বেক ইয়েভকুরোভ। এ হামলার ঘটনায় উত্তর ককেশাস অঞ্চলে দুর্বল রুশ শাসনের প্রতি নতুন করে হুমকি সৃষ্টি করা হল। (আরও তথ্যসহ)
সকালে কাজে যাওয়ার সময় প্রেসিডেন্টের গাড়িবহরে রাস্তার পাশে পেতে রাখা বোমা আঘাত করে বলে স্থানীয় একটি সংবাদ সংস্থা জানিয়েছে। তাস জানিয়েছে, এতে ইয়েভকুরোভের চার দেহরক্ষী নিহত ও আর পাঁচ ব্যক্তি আহত হয়েছে।
সরকারি কৌঁসুলিরা শুধু কয়েকজনের হতাহতের তথ্য জানিয়েছেন। তবে নাজরান শহরের হাসপাতালের এক চিকিৎসক জানিয়েছেন, নিবিড় পরিচর্যা কেন্দ্রে প্রেসিডেন্টের শরীরে অস্ত্রোপচার চলছে এবং তাকে কৃত্রিমভাবে শ্বাস-প্রশ্বাস দেওয়া হচ্ছে।
সেইসঙ্গে তিনি বলেন, এরকম ভয়াবহ বিস্ফোরণে "বেঁচে যাওয়া খুবই কঠিন।"
তবে প্রেসিডেন্টর তথ্যসচিব কালোই আখিলগোভ টেলিফোনে রয়টার্সকে বলেন, "প্রেসিডেন্টের আঘাত তেমন মারাত্মক নয় এবং তিনি চেতনা হারাননি।"
তথ্যসচিব প্রেসিডেন্টের সঙ্গে হাসপাতালেই রয়েছেন বলে জানান।
প্রেসিডেন্ট মৃত্যুঝুঁকিতে রয়েছেন কিনা জানতে চাইলে তিনি বলেন, "না, এখনও নয়।"
স্থানীয় এক আইন প্রয়োগকারী সংস্থার একটি সূত্র ইয়েভকুরোভের আহত হওয়ার বিষয়টি নিশ্চিত করলেও বিস্তারিত কিছু জানায়নি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এমএইচবি/১৫০৯ ঘ.
bdnews24