ওয়াশিংটন, জুন ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা ইরানে সহিংসতা ও বিক্ষোভকারীদের ওপর 'অন্যায় পদক্ষেপে' উদ্বেগ প্রকাশ করেছেন। প্রেসিডেন্টের উপদেষ্টারা রোববার তাকে ইরানের ঘটনাবলী সম্পর্কে বিস্তারিত জানানোর পর্যায়ে তিনি ওই উদ্বেগ জানান।
হোয়াইট হাউজের একজন কর্মকর্তা এক ই-মেইল বার্তায় জানান, "আজ বিকেলের দিকে প্রেসিডেন্ট ওভাল অফিসে প্রায় ৩০ মিনিট ধরে বৈদেশিক নীতিবিষয়ক উপদেষ্টাদের কাছ থেকে ইরানের সর্বশেষ পরিস্থিতির ব্যাপারে অবহিত হয়েছেন।"
"বৈঠকে প্রেসিডেন্ট ইরানে সহিংসতা ও জনগণের বিরুদ্ধে অন্যায় পদক্ষেপের ব্যাপারে তার উদ্বেগ পুনর্ব্যক্ত করেছেন।"
ওবামা আগের দিন ইরান সরকারের প্রতি জনগণের ওপর সব ধরনের সহিংসতা এবং অন্যায়-অবিচার বন্ধের আহ্বান জানান এক বিবৃতিতে তিনি বলেন, "ইরান সরকারের বোঝা উচিত বিশ্ব তাদের ওপর নজর রাখছে। সেখানে ঝরে যাওয়া প্রতিটি নিরীহ প্রাণের জন্যই আমরা শোকাহত।"
তিনি বলেন, "সমাবেশ ও বাক স্বাধীনতার মতো সার্বজনীন অধিকারগুলোকে ইরান সরকারের শ্রদ্ধা করা উচিত। যারা এ অধিকার চর্চার পথ খোঁজে যুক্তরাষ্ট্র তাদের পাশে আছে।"
ইরানের বিরোধীদলীয় নেতা মীরহোসেন মুসাভি শহীদ হতে প্রস্তুত থাকার কথা বলার পর ওবামা এই কড়া মন্তব্য করেন।
স
bdnews24