তেহরান, জুন ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ইরানের বিপ্লবের জনক আয়াতোল্লাহ রুহুল্লাহ খোমেনির মাজারে একজন আত্মঘাতী হামলা চালিয়েছে বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় সংবাদ।
১২ জুনের বিতর্কিত প্রেসিডেন্ট নির্বাচন নিয়ে ইরানে চলমান অস্থিতিশীলতার মধ্যে রাজধানী তেহরানে শনিবার এ হামলার ঘটনা ঘটল।
হামলায় হামলাকারী নিহত এবং দুইজন আহত হওয়ার খবর পাওয়া গেছে।
বাংলাদেশ সময় শনিবার রাত পৌনে ১০টার দিকে পুলিশ কর্মকর্তা হোসেইন সাজেদিনিয়ার বরাত দিয়ে ইরানের আধা সরকারি বার্তা সংস্থা মেহর জানায়, কয়েক মিনিট আগে তেহরানে খোমেনির মাজারে একজন আত্মঘাতী বোমা হামলাকারী হামলা চালিয়েছে।
মাজারের উত্তর পাশে চালানো এ হামলায় দুইজন আহত হয়েছেন বলে জানায় আরেকটি বার্তা সংস্থা ফারস।
প্রত্যক্ষদর্শীরা জানান, তেহরানের দক্ষিণাঞ্চলে অবস্থিত প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদের সমর্থকদের ব্যবহৃত একটি ভবনে আগুন ধরিয়ে দিয়েছে নির্বাচনে পরাজিত প্রার্থী মীরহোসেন মুসাভির সমর্থকরা।
তারা আরও জানান, প্রতিদ্বন্দ্বী সমর্থকদের ছত্রভঙ্গ করতে তেহরানের দক্ষিণ কারেগার স্ট্রিটে পুলিশ ফাঁকা গুলিবর্ষণ করেছে।
রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম জানিয়েছে, তেহরানে নিষেধাজ্ঞা উপেক্ষা করে রাস্তায় নামা বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাস নিক্ষেপ এবং লাঠিপেটা ও জলকামান প্রয়োগ করেছে দাঙ্গা পুলিশ।
অস্থিতিশীলতার কারণে আর কোনও রক্তপাত হলে আন্দোলনরত নেতারা দায়ি থাকবেন
bdnews24