জেনেভা, জুন ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- বিগ ব্যাং এর একেবারে শুরুর মুহূর্তগুলোয় কী কী ঘটেছিল তা জানতে এই শরৎ-এ লার্জ হাড্রন কোলাইডার (এলএইচসি) মেশিন পুনরায় চালু করা হতে পারে বলে জানিয়েছে গবেষণা প্রতিষ্ঠান ইউরোপিয়ান অর্গানইজেশন ফর নিউক্লিয়ার রিসার্চ (সার্ন)।
মহাবিশ্ব এবং এর উৎপত্তি সর্ম্পকে জানতে জেনেভার কাছে সুইজারল্যান্ড-ফ্রান্স সীমান্তে ভূ-গর্ভে ২৭ কিলোমিটারের একটি বৃত্তাকার টানেলের ভেতর এ যাবত তৈরি সবচেয়ে জটিল ও বড় ওই যন্ত্রে গত বছরের ১০ সেপ্টম্বর বিগ ব্যাং বা মহাবিস্ফোরণ তত্ত্বের দীর্ঘ প্রতীক্ষিত প্রায়োগিক পরীক্ষা শুরু করেছিল সার্ন।
তবে ইতিহাসের সবচেয়ে বড় ওই পরীক্ষা শুরুর নয় দিনের মাথায় বন্ধ হয়ে যায় তার প্রধান যন্ত্র এলএইচসি।
শুক্রবার সার্নের বিশেষজ্ঞ স্টিভ মাইয়ার্স এক বিবৃতিতে জানান, বিজ্ঞানীদের বিশ্বাস যেসব সমস্যার কারণে ৯২০ কোটি ডলারের এলএইচসি যন্ত্রটি বন্ধ হয়ে গিয়েছিল তা প্রতিরোধের উপায় খুঁজে পেয়েছেন তারা।
মাইয়ার্স জানান, দুটি শীতলীকরণ চুম্বক যুক্তকারী তারের সংযোগে ত্র"টির কারণে এলএইচসিতে অতিরিক্ত তাপ হয়েছিল।
১০ হাজার সংযোগবিশিষ্ট মেশিনটিতে বিগ ব্যাং সৃষ্টি হওয়ার পর পর অনুমিত তাপমাত্রার একটু বেশি তাপমাত্রায় আলোর গতির কাছাকাছি গতিতে বিপরীত দিক থেকে দুটি প্রোটন কণা রশ্মির সংঘর্ষ ঘটানো হয়।
গত সেপ্টেম্বরের পরীক্ষার সময় বন্ধ হয়ে যাওয়ার পর সার্ন বেশ কয়েকবার পুনরায় এলএইচসি চালুর তারিখ জানিয়েছিল। সর্বশেষ তারা জানায়, আগামী সেপ্টেম্বরে মেশিনটি চালু করা হবে।
মাইয়ার্স বলেন, "অনেক নতুন পরীক্ষা করা হয়েছে। এতে আমরা এলএইচসির সংযোগগুলো সম্পর্কে পর্যাপ্ত তথ্য পেয়েছি। এ বছরই মেশিনটি চালু করতে পারার ব্যাপারে আমরা আত্মবিশ্বাসী।"
বিজ্ঞানীদের মতে প্রায় ১৩ দশমিক ৭ বিলিয়ন বছর আগে ছোট্ট একটি মুদ্রার মতো বস্তুর ওই মহাবিস্ফোরণে (বিগ ব্যাং) গঠিত হয় মহাবিশ্বের সব গ্রহ-নক্ষত্র। তারই ধারাবাহিকতায় আমাদের পৃথিবীতে বিকাশ হয় প্রাণের।
পদার্থবিজ্ঞান এবং মহাবিশ্বের সুপারসিমেট্রি, কৃষ্ণবস্তু ও কৃষ্ণশক্তির মতো অন্যান্য বিষয়ের রহস্য জানাও এ গবেষণার লক্ষ্য।
জ্যোতির্র্বিদদের ধারণা, ছায়াপথ, গ্যাস, নক্ষত্র ও পৃথিবীর মতো জিনিসগুলো মহাবিশ্বের মাত্র চার শতাংশ। আর ২৩ শতাংশ হচ্ছে কৃষ্ণবস্তু এবং বাকি ৭৩ শতাংশ হচ্ছে কৃষ্ণশক্তি। বিজ্ঞানীরা আশা করছেন, এলএইচসি'র এ পরীক্ষায় মহাবিশ্বের এই বিস্ময়কর "বিষয়ের" প্রকৃতি সম্পর্কে অনেক তথ্য বেরিয়ে আসবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এজে/এমএইচবি/১৮০৯ ঘ.
bdnews24