ব্রাসেলস, ১৯ জুন (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) শুক্রবার মিয়ানমারের ওপর নিষেধাজ্ঞা কঠোর করতে একমত হয়েছে। বিরোধীদলীয় নেত্রী অং সান সু চিকে আটক রাখাসহ বিরোধীদের বিরুদ্ধে জান্তা সরকারের আচরণের বিচারে এই সিদ্ধান্ত নিয়েছে ইইউ।
ব্রাসেলসে ২৭ টি সদস্য রাষ্ট্রের ইইউ সম্মেলনের পর ব্রিটিশ প্রধানমন্ত্রী গর্ডন ব্রাউন এক সাংবাদিক সম্মেলনে বলেন, "বার্মা প্রশাসনের বিরুদ্ধে নিষেধাজ্ঞা কঠোর করাসহ আরও কিছু সুনির্দিষ্ট পদক্ষেপ নিতে ইউরোপ আজ একমত হয়েছে।"
ব্রাউন অবিলম্বে সু চির নিঃশর্ত মুক্তি দাবি করে তার 'অযৌক্তিক এবং লজ্জাস্কর' বিচার বন্ধের আহ্বান জানিয়েছেন।
বিডিনিউজ ডটকম/এলকিউ/২০২৯ ঘ.
bdnews24