মোগাদিসু, ১৮ জুন (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- সোমালিয়ায় কট্টরপন্থি ইসলামি বিদ্রোহিরা বৃহস্পতিবার আত্মঘাতী বোমা হামলা চালিয়ে নিরাপত্তামন্ত্রীসহ আরও অন্ততপক্ষে ২৪ জনকে হত্যা করেছে। কর্মকর্তারা একথা জানিয়েছে।
সোমালিয়ার দক্ষিণাঞ্চলের অধিকাংশ অঞ্চল নিয়ন্ত্রণকারী ইসলামি বিদ্রোহিদের বিরুদ্ধে সরকারের অভিযানের মূল ভূমিকায় ছিলেন নিরাপত্তামন্ত্রী ওমর হাসি আদেন। সরকারের পতন ঘটানো এবং সোমালিয়ায় কঠোর ইসলামিক শাসন কায়েম করাই বিদ্রোহিদের লক্ষ্য।
এক আত্মঘাতী হামলাকারী বালাদওয়ানে শহরের একটি হোটেলে নিরাপত্তমন্ত্রী আদেন ও অন্যান্য কর্মকর্তাকে হামলার টার্গেট করে। ওই শহরেই বিদ্রোহি গ্র"প আল শাবাব এর বিরুদ্ধে সরাসরি অভিযানে সহায়তা করছিলেন। আল-কায়েদার সঙ্গে শাবাব এর যোগসাজশ আছে বলে জানিয়েছে ওয়াশিংটন।
হোটেলের কাছে এক দোকানদার মোহামেদ আবদি বলেছেন, ভবন থেকে ধোঁয়া উড়ছিল। বোমা বিস্ফোরণের পরপরই সরকারি বাহিনী গুলি করতে শুরু করে এবং মানুষের দেহ ছিন্ন-বিচ্ছিন্ন হয়ে রাস্তায় ছড়িয়ে পড়তে দেখা যায়।
কর্মকর্তারা এবং হাসপাতালের কয়েকটি সূত্র জানিয়েছে, বোমা হামলায় অন্ততপক্ষে ২৫ জন নিহত এবং ৩৮ জন আহত হয়েছে।
প্রেসিডেন্ট শেখ শরীফ আহমেদ সাংবাদিকদের বলেন, "আমি বালাদেওয়ানে বোমা বিস্ফোরণে নিহত নিরাপত্তামন্ত্রী ওমর হাসির পরিবারকে স্বান্তনা জানাচ্ছি।" তিনি বিদ্রোহি দল শাবাবকে মাফিয়া চক্রের সঙ্গে তুলনা করেন।
আদেন জুনের শুরুতে ভারী অস্ত্রশস্ত্রে সজ্জিত সেনা নিয়ে ইসলামি কট্টরপন্থিদের হাত থেকে মোগাদিসুর বাইরে অধিকৃত অঞ্চলগুলোর নিয়ন্ত্রণ নেওয়ার অভিযানে নামতে বালাদেওয়ানে গিয়েছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৯২২ ঘ.
bdnews24