২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নতুন নির্বাসিত সরকার গড়ার অঙ্গীকার শ্রীলংকার তামিল টাইগারদের

শ্রীলংকা যুদ্ধে বেঁচে যাওয়া তামিল টাইগাররা স্বাধীন তামিল রাষ্ট্রের দাবি নিয়ে এগিয়ে যেতে নতুন নির্বাসিত সরকার গড়ার অঙ্গীকার করেছে। তবে তাদের এ উদ্যোগকে কল্পনা বলে উড়িয়ে দিয়েছে শ্রীলংকা সরকার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jun 2009, 03:48 PM

Updated : 26 Aug 2022, 11:37 AM

কলোম্বো, জুন ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)---- শ্রীলংকা যুদ্ধে বেঁচে যাওয়া তামিল টাইগাররা স্বাধীন তামিল রাষ্ট্রের দাবি নিয়ে এগিয়ে যেতে নতুন নির্বাসিত সরকার গড়ার অঙ্গীকার করেছে। তবে তাদের এ উদ্যোগকে 'মতিভ্রম' বলে উড়িয়ে দিয়েছে শ্রীলংকা সরকার। শ্রীলংকার সেনাবাহিনী 'লিবারেশন টাইগারস অব তামিল ইলম' (এলটিটিই) কে পরাজিত করে দেশে ২৫ বছরের গৃহযুদ্ধের সমাপ্তি টানার এক মাসেরও কম সময়ের মধ্যে তামিল টাইগাররা ওই সিদ্ধান্ত জানাল। এলটিটি'র বেঁচে থাকা শীর্ষ নেতা সেলভারাজা পাথমানাথন মঙ্গলবার ভয়েস ক্লিপিংযুক্ত এক ই-মেইলে স্বাধীন তামিল রাষ্ট্রের জন্য সংগ্রামের পরবর্তী অধ্যায় এগিয়ে নিতে আপাতত একটি উত্তরণশীল তামিল ইলম সরকার গড়ার জন্য একটি কমিটি গঠনের সবুজ সংকেত দেন। শ্রীলংকার তামিল টাইগারদের জন্য যে স্বাধীন রাষ্ট্রের দাবিতে এলটিটিই দীর্ঘদিন ধরে সংগ্রাম করে আসছে তার নাম তামিল ইলম। শ্রীলংকার উত্তর ও পূর্বাঞ্চলীয় এলাকাজুড়ে এর অবস্থান। যুদ্ধের শেষের আগ পর্যন্ত এলটিটিই'র নিয়ন্ত্রণে ছিল এই এলাকা। পাথমানাথন ইতোমধ্যেই এলটিটিই'র সাবেক শান্তি আলোচক বিষুবনাথন রুদ্রকুমারানের নেতৃত্বে একটি কমিটি ঘোষণা করেছেন। এই কমিটি এ বছরের শেষ নাগাদ তামিল ইলম সরকার গঠনের পরিকল্পনা নেবে। পাথমানাথন বলেন, "আমরা তামিল জনগণকে এবং তামিল সংগঠনগুলোকে এই কমিটিকে সর্বান্তকরণে সমর্থন দেওয়া ও সহযোগিতা করার আহ্বান জানাচ্ছি।" এলটিটিই'র নতুন নির্বাসিত তামিল সরকার গড়ার ঘোষণার প্রতিক্রিয়ায় শ্রীলংকার পররাষ্ট্রমন্ত্রী রোহিথা বোগোলাগামা বলেছেন, "কল্পনা দৃষ্টিভ্রম ঘটাবে।" তিনি আরও বলেন, কেপি নামে পরিচিত পাথমানাথনকে গ্রেপ্তারের জোর চেষ্টা চলছে। বোগোলাগামা সাংবাদিকদের বলেন, আমার কাছে পাথমানাথনের গ্রেপ্তারি পরোয়ানা আছে এবং অমি তা কয়েকটি দেশের পররাষ্ট্রমন্ত্রীর কাছে দিয়েছি। আশা করি কেপি অতিদ্রুত গ্রেপ্তার হোক। তাকে আমাদের দেশের বিচার ব্যবস্থাতেই বিচারের কাঠগড়ায় দাঁড় করানো হবে। পাথমানাথন বেশিরভাগ সময়েই এলটিটিই'র অস্ত্র ও চোরাচালান নেটওয়ার্ক পরিচালনা করে এসেছেন। ইন্টারপোল তাকে খুঁজছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/২১৫৬ ঘ.