রাশিয়া, জুন ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)---- রাশিয়ায় এশীয় রাষ্ট্রগুলোর সম্মেলনে মঙ্গলবার পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলি জারদারির সঙ্গে বৈঠকে বসার আগে সন্ত্রাস ও অন্যান্য আঞ্চলিক হুমকির বিরুদ্ধে লড়াইয়ের আহ্বান জানিয়েছেন ভারতের প্রধানমস্ত্রী মনমোহন সিং।
রাশিয়ার উরাল অঞ্চলের শহর ইয়াকাতেরিনবুর্গে 'সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন' (এসওসি) সম্মেলনের জন্য তৈরি করা ভাষণে সিং ওই আহ্বান জানান। মনমোহন সিংয়ের ভাষণের ওই পান্ডুলিপি সাংবাদিকদের দেওয়া হয়।
এতে মনমোহন বলেছেন, "সন্ত্রাস, উগ্রবাদী আদর্শ এবং মাদক ব্যবসা আমাদের অঞ্চলকে তাড়া করে ফিরছে। সন্ত্রাসের ধরণ বদলে যাচ্ছে। এ পরিস্থিতিতে আমাদের প্রকৃতই একে অপরকে সহযোগিতা করা এবং আন্তর্জাতিক সন্ত্রাস মোকবেলায় বিশ্বব্যাপী সহযোগিতার হাত বাড়ানো প্রয়োজন।"
সম্মেলনের ফাঁকে বৈঠকে বসার পরিকল্পনা রয়েছে ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং ও পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলি জারদারির। ভারতীয় প্রধানমন্ত্রী ও পাকিস্তানি প্রেসিডেন্টের মধ্যে এটিই হবে গত নভেম্বরের মুম্বাই হামলার পর দু'নেতার প্রথম বৈঠক। ধারণা করা হচ্ছে এর মধ্য দিয়ে দুই প্রতিবেশী রাষ্ট্রের সম্পর্কের বরফ গলবে।
এসওসি'র সদস্য দেশগুলো রাশিয়া, চীন, সাবেক সোভিয়েত ইউনিয়নভুক্ত কাজাখস্তান, উজবেকিস্তান, তাজিকিস্তান ও কিরগিজস্তান।
ভারত, পাকিস্তান, আফগানিস্তান, ইরান হচ্ছে পর্যবেক্ষক দেশ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৫২৯ ঘ.
bdnews24