এনআরপি কোর্তে রিয়েল জুন ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- সোমালিয়া উপকূলে জলদস্যুদের হাত থেকে মুক্তি পাওয়া ১৪ জন ভারতীয় নাবিককে শনিবার উদ্ধার করেছে ন্যাটোর যুদ্ধজাহাজ। জলদস্যুরা তাদেরকে ১০ দিন আটকে রাখে এবং মারধোর করে। মোগাদিসু থেকে সারজাগামী জাহাজের ক্যাপ্টেন ইসমাইল আব্দুররেহমান একথা জানিয়েছেন।
আব্দুররেহমান জানান, মোগাদিসুর দক্ষিণে ব্রাভা বন্দর থেকে ৩ জুন 'ভিসভাকালান' জাহাজটি জ্বালানি নিয়ে সংযুক্ত আরব আমিরাতে যাওয়ার পথে জলদস্যুদের হামলার শিকার হয়। তারা জাহাজটির ভিএইচএফ রেডিও এন্টিনা ভেঙে ফেলায় নাবিকরা সাহায্যের আবেদন জানাতে পারেনি।
নাবিকরা ভারতের গুজরাট রাজ্যের। জলদস্যুরা তাদের আপাদমস্তক বেদম পিটিয়েছে এবং সবকিছু কেড়ে নিয়ে শুক্রবার তাদেরকে ছেড়ে দিয়েছে। জলদস্যুরা নাবিকদের রেডিও, ফোন, টেলিভিশন সেট এমনকি পরিবারের সদস্যদের জন্য কেনা উপহারও কেড়ে নেয় বলে জানান আব্দুররেহমান।
শুক্রবার রাতে জলদস্যুরা বেপরোয়া ফাঁকা গুলি ছুঁড়ে নাবিকদের উদ্দেশ্যে "চলে যাও, চলে যাও, চলে যাও" বলে চীৎকার করে।
পরে সোমালিয়া উপকূলের ২০ নটিক্যাল মাইল দক্ষিণপূর্বে জলদস্যুকবলিত জাহাজটির সন্ধান পেয়ে ন্যাটোর পর্তুগীজ যুদ্ধজাহাজ এনআরপি কোর্তা রিয়েল নাবিকদেরকে উদ্ধার করে।
জাহাজটি খুঁজে পাওয়া না গেলে নাবিকদের মৃত্যু ঘটত বলে জানান কোর্তা রিয়েলের লেফটেন্যান্ট দারিয়ো প্রেসিয়োসো।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৬৫৩ ঘ.
bdnews24