২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অক্টোবরের মধ্যে ফ্লু'র টিকা সরবরাহে আশাবাদী নোভার্তিস

একবিংশ শতাব্দীর প্রথম সোয়াইন ফ্লু মহামারী মোকাবেলায় সুইস ওষুধ কোম্পানী নোভার্তিস আগামী সেপ্টেম্বর-অক্টোবরের মধ্যেই এইচ১এন১ ভাইরাসের টিকা সরবরাহের ঘোষণা দেওয়ার আশা প্রকাশ করেছে। নির্ধারিত সময়ের আগেই টিকা তৈরি করে তারা তা সরবরাহের ঘোষণা দেবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jun 2009, 12:18 PM

Updated : 26 Aug 2022, 11:36 AM

জুরিখ, জুন ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- একবিংশ শতাব্দীর প্রথম সোয়াইন ফ্লু মহামারী মোকাবেলায় সুইস ওষুধ কোম্পানী নোভার্তিস আগামী সেপ্টেম্বর-অক্টোবরের মধ্যেই এইচ১এন১ ভাইরাসের টিকা সরবরাহের ঘোষণা দেওয়ার আশা প্রকাশ করেছে। নির্ধারিত সময়ের আগেই টিকা তৈরি করে তারা তা সরবরাহের ঘোষণা দেবে। নোভার্তিস জানিয়েছে, আগামী মাসেই তারা নতুন টিকার পরীক্ষা চালাবে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) সোয়াইন ফ্লুকে মহামারী ঘোষণা করে বিশ্বের দেশগুলোকে এইচ১এন১ ভাইরাসের বিরুদ্ধে দীর্ঘমেয়াদী লড়াইয়ের জন্য প্রস্তুত হওয়ার আহ্বান জানানোর পরদিন শুক্রবার নোভার্তিস একথা জানাল। নোভার্তিসের এক বিবৃতিতে বলা হয়েছে, তারা সফলবভাবে প্রথম দফা ইনফ্লুয়েঞ্জা এ (এইচ১এন১) টিকা তৈরি শেষ করেছে। নির্ধারিত সময়ের কয়েক সপ্তাহ আগেই একাজ শেষ হয়েছে। ডিম-ভিত্তিক নয় বরং সেল-ভিত্তিক প্রযুক্তি ব্যবহার করে দ্রুত টিকা তৈরি করা যায় বলে জানিয়েছে নোভার্তিস। তবে নোভার্তিসের মুখপাত্র বলেন, অন্য কোনও কোম্পানী প্রথম দফা টিকা তৈরি শেষ করেছে কিনা সে ব্যাপারে তিনি কিছু জানেন না। তিনি বলেন, নোভার্তিস সেপ্টেম্বর-অক্টোবরের মধ্যেই টিকা প্রস্তত করে ফেলবে এবং প্রতি সপ্তাহে লাখ লাখ ডোজ টিকা তৈরি করতে পারবে বলে আশা আছে। বিশ্বের সর্ববৃহৎ ফ্লু টিকা সরবরাহকারী প্রতিষ্ঠান স্যানোফি-এভেন্তিস এর প্রধান ওয়েনে পিসানো বৃহস্পতিবার বলেছেন, তার কোম্পানী খুব অল্প সময়ের মধ্যেই সবচে বেশি সংখ্যক ডোজের টিকা তৈরি করবে। যদিও টিকা প্রথম সরবরাহ করার আগে একাজ করতে আরও চারমাস লেগে যাবে। নোভার্তিস জানিয়েছে, জার্মানিতে তাদের সেল-ভিত্তিক সুযোগ-সুবিধা থাকায় প্রতি সপ্তাহে লাখ লাখ টিকা তৈরি করা সম্ভব হবে। টিকার নিয়মিত সরবরাহ অনুমোদন পাওয়ার আগে এটি প্রাথমিকভাবে প্রাণীর দেহে এবং পরে মানুষের দেহে প্রয়োগ করে পরীক্ষা করা হবে। বিডিনিউ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৮২৬ ঘ.