হেরাত,জুন ১১( বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) -- আফগানিস্তানের পশ্চিমাঞ্চলে কয়েকদিন আগে চালানো মার্কিন বিমান হামলায় 'যুদ্ধবাজ' নেতা মোল্লা মোস্তফা সম্ভবত মারা যান নাই। তবে ওই হামলায় বেসামরিক লোক মারা যাওয়ার খবরটি মার্কিন সেনাবাহিনী যাচাই করে দেখছে। বৃহস্পতিবার মার্কিন বাহিনী একথা জানায়।
মার্কিন সেনাবাহিনী মঙ্গলবার এক বিবৃতিতে জানিয়েছিল, ঘোর প্রদেশে তাদের পরিকল্পিত বিমান হামলায় মোল্লা মোস্তফা এবং ১৬ জন যোদ্ধা নিহত হয়েছে। বিবৃতিতে মোস্তাফাকে একজন যুদ্ধবাজ নেতা উল্লেখ করে জানানো হয়, ইরান ও তালেবানদের সঙ্গে তার যোগাযোগ ছিল।
আরও বলা হয়েছিল, একটি প্রত্যন্ত এলাকায় সশস্ত্র কিছু লোকের সঙ্গে বৈঠক করার সময় মোস্তফার ওপর হামলা চালানো হয়। সে সময় সেখানে কোন বেসামরিক লোক ছিল না।
কিন্তু সেনাবাহিনী বৃহস্পতিবার নতুন এক বিবৃতিতে জানিয়েছে, তারা "মোস্তফার বেঁচে যাওয়ার বিশ্বাসযোগ্য খবর পাচ্ছেন"। বেসামরিক লোকজনের হতাহতের 'অনির্ভরযোগ্য' খবরটি তারা পরীক্ষা করে দেখছে।
ঘোর এর ডেপুটি গভর্নর কেরামুদ্দীন রেজ্জাদা রয়টার্সকে জানান, মোস্তফা মারা গেছে কিনা এ বিষয়ে তিনি নিশ্চিত নন। গ্রামবাসীরা জানিয়েছে, ১০ জন বেসামরিক লোক এবং ১২ জন সশস্ত্র লোক মারা গেছে।
তিনি আরও জানান, প্রদেশ কর্তৃপক্ষ সেখানে একটি তদন্তকারী দল পাঠিয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএন/এমএইচবি/১৭১৯ ঘ.
bdnews24