নয়াদিল্লি, জুন ৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- পাকিস্তান জঙ্গি দমন করলে ভারত তাদের 'সম্ভাব্য সবরকম সহায়তা' দেবে। মুম্বাই হামলা নিয়ে মাসের পর মাসব্যাপী উত্তেজনার পর পাকিস্তানের প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং মঙ্গলবার একথা বলেছেন।
মুম্বাইয়ে গত নভেম্বরের সন্ত্রাসী হামলার জন্য নয়াদিল্লি পাকিস্তান ভিত্তিক জঙ্গি দল লস্কর-ই-তৈয়বাকে দায়ী করার পর পাকিস্তানের সঙ্গে মন্থর গতির শান্তি আলোচনা স্থগিত করে ভারত ।
মঙ্গলবার পার্লামেন্টে এক ভাষণে মনমোহন বলেন, "মুম্বাই হামলাসহ অতীতের এ ধরনের বহু অপরাধের জন্য দায়ীদের বিচারের আওতায় আনতে পাকিস্তান সরকার তাদের ব্যবস্থাপনায় সবরকম উপায়কেই কাজে লাগাবে বলে আমি আশা করি।"
ভারতের নির্বাচনে জয়লাভের কয়েক সপ্তাহ পর মনমোহন এই ভাষণ দিলেন। তিনি বলেন, "পাকিস্তানের নেতাদের এই শান্তির পথকে এগিয়ে নেওয়ার সাহস, দৃঢ়সঙ্কল্প এবং দক্ষতা থাকলে আমি তাদের সম্ভাব্য সবরকম সহায়তার আশ্বাস দিতে চাই।"
ভারত মুম্বাই হামলার জন্য পাকিস্তানের কয়েকটি রাষ্ট্রীয় সংস্থাকেও দায়ী করেছে। ওদিকে, ইসলামাবাদ এতে জড়িত থাকার কথা অস্বীকার করেছে। তবে বলেছে, ওই হামলার আংশিক পরিকল্পনা পাকিস্তানের মাটিতেই হয়েছে।
ভারত গত সপ্তাহে পাকিস্তানের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার ইচ্ছা প্রকাশ করেছে। কিন্তু পাকিস্তানে লস্কর-ই-তৈয়্যবার প্রতিষ্ঠাতা হাফিজ মোহাম্মদ সাঈদের মুক্তির ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে তারা।
ভারতের বিশেষজ্ঞরা হাফিজের মুক্তি শান্তি আলোচনা শুরুর পথে প্রতিবন্ধকতা বলেই মনে করছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৭০৩ ঘ.
bdnews24