সিডনি, জুন ৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- অস্ট্রেলিয়ায় ভারতীয় ছাত্রদের ওপর কয়েকদফা সহিংস হামলার প্রতিবাদে রোববার সিডনিতে বিক্ষোভ করেছে শ' শ' ভারতীয় ছাত্র। ভারতের পতাকা হাতে স্লোগান দিয়ে বিক্ষোভকারীরা নগরীর কেন্দ্রস্থলে মিছিল করেছে। ছাত্রদের অধিকার রক্ষায় কর্তৃপক্ষকে আরও বেশিকিছু করার দাবি জানিয়েছে তারা। প্রত্যক্ষদর্শীরা একথা জানিয়েছে।
মেলবোর্নে এক সপ্তাহ আগে বড় ধরনের বিক্ষোভের পর সিডনিতে এ বিক্ষোভ হল। মেলবোর্নেই গত মাসে এক পার্টিতে স্ক্রু-ড্রাইভার নিয়ে গুণ্ডাদের একটি চক্র চার ভারতীয় ছাত্রের ওপর হামলা চালায়। আরেকটি ডাকাতির ঘটনায় হামলা হয় আরেক ছাত্রের ওপর। মে মাসের শুরুর দিকে এরকম আরও তিনটি হামলার ঘটনা ঘটেছে। এর মধ্যে দুটিই ছিল ভারতীয় ট্যাক্সি ড্রাইভারের ওপর হামলার ঘটনা। হামলার শিকার হওয়া ছাত্ররা এ হামলাকে বর্ণবাদী আখ্যা দিয়েছে।
ছাত্র ও পার্ট-টাইম ট্যাক্সি ড্রাইভার নভজোত সিং সহিংসতার শিকার হওয়ার ঘটনার বর্ণনা দিয়েছেন এবং পুলিশ তা ঠেকানোয় নিস্ত্রিয় ছিল বলে জানিয়েছেন। ভারতীয় ছাত্রদের ওপর এ ধরনের হামলার ঘটনায় ভারত-অস্ট্রেলিয়া কূটনৈতিক সম্পর্ক পড়েছে কিছুটা অস্বস্তিতে পড়েছে। ভারতে দেখা দিয়েছে ক্ষুব্ধ প্রতিবাদ-বিক্ষোভ। অস্ট্রেলিয়া সরকার এসব হামলার নিন্দা করেছে এবং ঘটনা তদন্তের নির্দেশ দিয়েছে।
ভারতীয় প্রচার মাধ্যমগুলো হামলার ঘটনাকে 'বর্ণবাদী' হামলা বলে অভিহিত করেছে। বলিউডের শীর্ষস্থানীয় একটি ইউনিয়ন শুক্রবার এর প্রতিবাদে অস্ট্রেলিয়াকে বয়কট করেছে। সহিংস হামলায় জড়িতদের বিরুদ্ধে সে দেশের সরকার ব্যবস্থা না নেওয়া পর্যন্ত ইউনিয়ন অস্ট্রেলিয়ায় কোন চলচ্চিত্রের চিত্র গ্রহণ করবে না।
ভারতীয় চলচ্চিত্র নির্মাতাদের কাছে অষ্ট্রেলিয়া খুবই প্রিয় স্থান। প্রতি বছর প্রায় বারোটি চলচ্চিত্রের দৃশ্যগ্রহণ করা হয় সেখানে। গত বছরের সবচেয়ে হিট দু'টি চলচ্চিত্রের দৃশ্যগ্রহণ করা হয় অস্ট্রেলিয়ায়।
ফেডারেশন অব ওয়েস্টার্ন ইন্ডিয়া সিনে এমপ্লয়িজ-এর প্রধান দীনেশ চতুর্বেদী রয়টার্সকে বলেন, "আমরা তাদের জন্য প্রচুর রাজস্ব আয়ের ব্যবস্থা করে দিচ্ছি। তার পরও তারা আমাদের ছাত্রদের ওপর হামলা চালাচ্ছে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৭০৫ ঘ.
bdnews24