২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মুসলিমদের উদ্দেশে ওবামার বক্তব্য 'ভাওতাবাজি': তালেবান

তালেবানরা শনিবার বলেছে, মুসলিম বিশ্বের প্রতি মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার বক্তব্য পুরোপুরি 'ভাওতাবাজি' এবং মুসলিমদের সঙ্গে আমেরিকার সম্পর্ক পরিবর্তনের কোনো কিছুই এতে নেই।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jun 2009, 07:13 AM

Updated : 26 Aug 2022, 11:34 AM

লন্ডন, জুন ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- তালেবানরা শনিবার বলেছে, মুসলিম বিশ্বের প্রতি মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার বক্তব্য পুরোপুরি 'ভাওতাবাজি' এবং মুসলিমদের সঙ্গে আমেরিকার সম্পর্ক পরিবর্তনের কোনো কিছুই এতে নেই। ওয়েব সাইটে প্রকাশিত এক বক্তব্যে তালেবান নেতারা বলেছেন, "ওবামার বক্তব্যে এমন কিছু নেই যা আমেরিকা এবং মুসলিমদের মধ্যে চরম পর্যায়ে পৌঁছানো মতানৈক্য কমাতে পারে।" গত বৃহস্পতিবার কায়রো বিশ্ববিদ্যালয়ে ভাষণে ওবামা যুক্তরাষ্ট্র ও মুসলিম বিশ্বের মধ্যে নব সূচনার আহ্বান জানান। তিনি বলেন, "বিশ্বব্যাপী যুক্তরাষ্ট্র এবং মুসলিমদের মধ্যে নবসূচনার পথ খুঁজতেই আমি এখানে এসেছি--- পারস্পরিক স্বার্থ ও শ্রদ্ধাই হবে যার ভিত্তি। আমেরিকা আর ইসলাম একরোখা নয়। তাদের প্রতিযোগিতায় লিপ্ত হওয়ার প্রয়োজন নেই।" তালেবান নেতারা তাদের বার্তায় বলেন, "ওবামার দখলদার এবং নীতিভ্রষ্ট সেনারা এখনো আফগানিস্তান ও ইরাকে মুসলিমদের হত্যা, নির্যাতন ও গ্রেপ্তার করে যাচ্ছে। তাদের প্রাপ্য অধিকার পায়ে মাড়িয়ে চলছে। নির্দয়ভাবে তাদের হত্যা করছে এবং পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর কারাগারগুলোতে নিক্ষেপ করছে।" তারা বালেন, ওবামা প্রায় ঘণ্টব্যাপী বক্তব্য দিলেও এর পুরোটা জুড়েই ছিল আমেরিকার সেই আগেকার 'ভাওতাবাজি' স্লোগানে ভরা। গত বৃহস্পতিবার ওবামার ওই বক্তব্যের পর এটাই তালেবানদের প্রথম প্রতিক্রিয়া। যুক্তরাষ্ট্র এবং বিশ্বব্যাপী মুসলিমদের মধ্যে বছরের পর বছরের অবিশ্বাসের কথা স্বীকার করে ওবামা বলেছিলেন, একে অপরকে শ্রদ্ধা করা এবং অভিন্ন লক্ষ্য অন্বেষণে দুপক্ষেরই ঐকান্তিক প্রচেষ্টা চালিয়ে যাওয়া প্রয়োজন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএইচবি/এলকিউ/১৩১২ ঘ.