২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পাকিস্তানে 'ক্রসফায়ারে' দুই তালেবানপন্থি নেতা নিহত

পাকিস্তানের উত্তরপশ্চিমাঞ্চলে শনিবার নিরাপত্তাবাহিনী ও জঙ্গিদের গুলিবিনিময়ের মধ্যে পড়ে তালেবানপন্থি দুই ধর্মীয় নেতা নিহত হয়েছেন। পাকিস্তানি সেনাবাহিনী একথা বলেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jun 2009, 10:08 AM

Updated : 26 Aug 2022, 11:34 AM

ইসলামাবাদ, জুন ৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- পাকিস্তানের উত্তরপশ্চিমাঞ্চলে শনিবার নিরাপত্তাবাহিনী ও জঙ্গিদের গুলিবিনিময়ের মধ্যে পড়ে তালেবানপন্থি দুই ধর্মীয় নেতা নিহত হয়েছেন। পাকিস্তানি সেনাবাহিনী একথা বলেছে। উত্তরপশ্চিমাঞ্চলের একটি মসজিদে বোমা হামলায় ৪০ জন নিহত হওয়ার একদিন পর এই ঘটনা ঘটল। সেনাবাহিনী জানায়, আমির ইজ্জত খান ও মোহাম্মদ আলমকে গত বৃহস্পতিবার গ্রেপ্তার করা হয়। একটি সামরিক গাড়িবহরে করে আরও বন্দির সঙ্গে এই দুজনকে উত্তরপশ্চিমাঞ্চলের প্রধান শহর পেশোয়ারে নিয়ে যাওয়া সময় সন্ত্রাসীরা হামলা চালায়। একজন সেনা মুখপাত্র জানান, শনিবার ভোর পাঁচটার দিকে মারদান শহরের কাছে সোয়াত অভিমুখী প্রধান সড়কে গাড়িবহরটি সন্ত্রাসীদের চোরাগোপ্তা হামলার মুখে পড়ে। দু'পক্ষের মধ্যে এ সময় ব্যাপক গুলি বিনিময় হয়। তিনি বলেন, "এতে আমির ইজ্জত ও আলম নিহত হন এবং আমাদের একজন নন কমিশন্ড অফিসার শাহাদাত বরণ করেন।" আরও পাঁচ সৈন্যের আহত হওয়ার কথা তিনি জানান। নিহত ওই দুই নেতা গত ফেব্র"য়ারিতে সরকারের সঙ্গে শান্তি চুক্তি সম্পাদনকারী সুফি মোহাম্মদের ঘনিষ্ঠ ছিলেন। পরে ওই চুক্তি ভেঙ্গে যায়। পাকিস্তান ও আফগানিস্তান বিষয়ক যুক্তরাষ্ট্রের বিশেষ দূত রিচার্ড হলব্র"ক বৃহস্পতিবার মারদান জেলায় একটি শরণার্থী শিবির পরিদর্শনের কয়েকঘন্টা পর তালেবান জঙ্গিরা ৫ পুলিশ ও এক সেনাকে হত্যা করে। পরদিন উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশে সোয়াত উপত্যকার কাছে আপার দির জেলার হায়াগাই গ্রামের একটি মসজিদে জুমার নামজের সময় বোমা হামলায় ৪০ জন নিহত হয়। শুক্রবার সকালের দিকে পুলিশ ইসলামাবাদ ও পাশ্ববর্তী রাওয়ালপিণ্ডি থেকে কয়েকজন আত্মঘাতী বোমাহামলাকারীকে গ্রেপ্তার করে। হলব্র"ক এসময় পাকিস্তানের নেতাদের সঙ্গে সোয়াত উপত্যকা থেকে তালেবান নির্মূলে আরো কী করণীয় তা নিয়ে আলোচনা করছিলেন। সেনাবাহিনী জানিয়েছে, এপ্রিলের শেষ দিক থেকে শুরু করা তালেবান বিরোধী অভিযানে এ পর্যন্ত ১২০০ রও বেশি জঙ্গি এবং ৯০ সেনা নিহত হয়েছে। অন্যদিকে, অভিযান চলার মাঝেই জঙ্গিরা লাহোর, পেশোয়ার ও দেরা ইসমাইল খানে বোমা হামলা চালিয়েছে। ফিন্যান্সিয়াল টাইমস পত্রিকায় শুক্রবার এক সাক্ষাৎকারে প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি বলেছেন, "এটি আমাদের অস্তিত্ব রক্ষার লড়াই। এতে আমরা ব্যর্থ হলে ভবিষ্যৎ প্রজন্ম আমাদের মাফ করবে না। আমরা এই যুদ্ধে হারতে পারি না। পরাজয় আমাদের বিকল্প হতে পারে না।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/ এমএইচবি/১৬১৩ ঘ.