মুম্বাই, জুন ৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-বলিউডের শীর্ষস্থানীয় একটি ইউনিয়ন শুক্রবার জানিয়েছে, অস্ট্রেলিয়ায় ভারতীয় ছাত্রদের ওপর কয়েক দফা সহিংস হামলার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে সে দেশের সরকার ব্যবস্থা না নেওয়া পর্যন্ত ইউনিয়ন অস্ট্রেলিয়ায় কোন চলচ্চিত্রের চিত্র গ্রহণ করবে না।
অস্ট্রেলিয়ায় ভারতীয় ছাত্রদের ওপর হামলার ঘটনায় দেশ দুটির কূটনৈতিক সম্পর্ক কিছুটা অস্বস্তিকর অবস্থায় পড়েছে। ভারতে দেখা দিয়েছে ক্ষুব্ধ প্রতিবাদ-বিক্ষোভ। অস্ট্রেলিয়া সরকার এসব হামলার নিন্দা করেছে। তবে বলেছে, এসব হামলা 'বর্ণবাদী' নয়।
ভারতীয় প্রচার মাধ্যমগুলো একে 'বর্ণবাদী' হামলা বলে অভিহিত করেছে।
ভারতীয় চলচ্চিত্র নির্মাতাদের কাছে অষ্ট্রেলিয়া খুবই প্রিয় স্থান। প্রতি বছর প্রায় বারোটি চলচ্চিত্রের দৃশ্যগ্রহণ করা হয় সেখানে। গত বছরের সবচেয়ে হিট দু'টি চলচ্চিত্রের দৃশ্যগ্রহণ করা হয় অস্ট্রেলিয়ায়।
ফেডারেশন অব ওয়েস্টার্ন ইন্ডিয়া সিনে এমপ্লয়িজ-এর প্রধান দীনেশ চতুর্বেদী রয়টার্সকে বলেন, "আমরা তাদের জন্য প্রচুর রাজস্ব আয়ের ব্যবস্থা করে দিচ্ছি। তার পরও তারা আমাদের ছাত্রদের ওপর হামলা চালাচ্ছে।"
"হামলার সঙ্গে জড়িতদের বিচার না করা পর্যন্ত আমরা আর অস্ট্রেলিয়ায় কাজ করবো না", বলেন তিনি।
বলিউডের অভিনেতা-অভিনেত্রী ও প্রকৌশলীসহ ফেডারেশনের সদস্য সংখ্যা ৪৫ হাজার।
গত মাসে মেলবোর্নে এক পার্টিতে স্ক্রু-ড্রাইভার নিয়ে গুণ্ডাদের একটি চক্র চার ভারতীয় ছাত্রের ওপর হামলা চালায়। এর পরই দেওয়া হলো অস্ট্রেলিয়া বয়কটের এ ঘোষণা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/এইচএ/২২৪৫ ঘ.
bdnews24