ড্রেসডেন, জুন ৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- মধ্যপ্রাচ্য শান্তি আলোচনা নতুন করে শুরু করতে এ বছর উল্লেখযোগ্য অগ্রগতির আশা প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা। শুক্রবার তিনি এ আশা ব্যক্ত করেন। তবে এ পথ খুবই কঠিন হবে বলেও স্পষ্ট করে জানান তিনি।
মুসলিম বিশ্বের সঙ্গে যুক্তরাষ্ট্রের নতুন অধ্যায়ের সূচনার বার্তা দিয়ে ওবামা মধ্যপ্রাচ্য শান্তি প্রক্রিয়ায় তার প্রতিশ্র"তি পুনর্ব্যক্ত করেন। এখনই ব্যবস্থা না নিলে ইসরায়েল ও ফিলিস্তিনকে শান্তির টেবিলে ফিরিয়ে আনা অনেক কঠিন হয়ে পড়বে বলে তিনি আশঙ্কা প্রকাশ করেন।
ড্রেসডেনে জার্মান চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেলের সঙ্গে এক সাংবাদিক সম্মেলনে ওবামা বলেন, "লেগে থাকলে এবং আগেভাগেই কাজ শুরু করলে এ বছর আমরা উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করতে পারব বলে আস্থা আছে।"
তিনি বলেন, "আমরা সবাই যে জিনিসটি সত্য হবে বলে জানি তা নিয়ে এখন আমাদের কাজ করে যাওয়ার সময়। আর তা হচ্ছে দু পক্ষকেই কিছু কঠিন আপোসরফা করতে হবে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/২১৪৮ ঘ.
bdnews24