ইসলামাবাদ, জুন ৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- পাকিস্তানের উত্তরপশ্চিমাঞ্চলের প্রত্যন্ত এলাকার একটি মসজিদে শুক্রবার জুমার নামাজের সময় বোমা হামলায় ৪০ জন নিহত হয়েছে। ওই অঞ্চলের একজন ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তা রয়টার্সকে এই তথ্য জানিয়েছেন। পাকিস্তান ও আফগানিস্তান বিষয়ক যুক্তরাষ্ট্রের বিশেষ দূত রিচার্ড হলব্র"কের ইসলামাবাদ সফরের সময় এ হামলার ঘটনা ঘটল।
উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশে সোয়াত উপত্যকার কাছে আপার দির জেলার শীর্ষ কর্মকর্তা আতিফ-উর-রহমান রয়টার্সকে বলেছেন, "নিহতের সংখ্যা ৪০। কতজন আহত হয়েছেন তা এখনো জানি না।"
ইসলামাবাদের ২০০ কিলোমিটার উত্তরপশ্চিমে হায়াগাই গ্রামের অধিবাসী উমর রেহমান বলেছেন, "৩০ টি মৃতদেহ সনাক্ত করা হয়েছে। তিনি জানান, মসজিদে লোকজনের ছিন্নবিচ্ছিন্ন দেহ ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকতে দেখা গেছে। দেহের বিচ্ছিন্ন অংশগুলো যারা সনাক্ত হয়েছে তাদের নাকি অন্যদের তা বলতে পারছেন না বলে জানান রেহমান।
শুক্রবার সকালের দিকে পুলিশ ইসলামাবাদ ও পাশ্ববর্তী রাওয়ালপিণ্ডি থেকে কয়েকজন আত্মঘাতী বোমাহামলাকারীকে গ্রেপ্তার করে। হলব্র"ক এসময় পাকিস্তানের নেতাদের সঙ্গে সোয়াত উপত্যকা থেকে তালেবান নির্মূলে আরো কী করার আছে তা নিয়ে আলোচনা করছিলেন।
প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানি বলেছেন, এ ধরনের ঘটনা সরকারকে সন্ত্রাস নির্মূল করার প্রচেষ্টা থেকে নিবৃত্ত করতে পারবে না।
সেনাবাহিনী জানিয়েছে, এপ্রিলের শেষ দিক থেকে শুরু করা তালেবান বিরোধী অভিযানে এ পর্যন্ত ১২০০ রও বেশি জঙ্গি নিহত এবং ৯০ সেনা নিহত হয়েছে। অন্যদিকে, অভিযান চলার মাঝেই জঙ্গিরা লাহোর, পেশোয়ার ও দেরা ইসমাইল খানে বোমা হামলা চালিয়েছে।
পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী রেহমান মালিক সাংবাদিকদের বলেছেন, ইসলামাবাদ ও রাওয়ালপিন্ডিতে আত্মঘাতী জ্যাকেটসহ কয়েকজন বোমা হামলাকারীকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের সংখ্যা কত তা জানাতে পারেননি রেহমান। তবে দ্য নিউজ ডেইলি এদের সংখ্যা ৪ জন বলে জানিয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/ এমএইচবি/এলকিউ/১৯০৩ ঘ.
bdnews24