২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

এয়ার ফ্রান্স দুর্ঘটনা হয়তো রহস্যই থেকে যাবে

এয়ার ফ্রান্সের বিমান দুর্ঘটনার কারণ হয়তো আর কখনওই জানা যাবে না। ২২৮ আরোহী নিয়ে আটলান্টিক মহাসাগরে বিধ্বস্ত হওয়া এ ৩৩০ এয়ারবাসটির ব্ল্যাকবক্সও হয়ত আর খুঁজে পাওয়া যাবে না। ফ্রান্সের কর্মকর্তারা বুধবার একথা বলেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jun 2009, 03:05 PM

Updated : 26 Aug 2022, 11:33 AM

রিও ডি জেনিরো, জুন ৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- এয়ার ফ্রান্সের বিমান দুর্ঘটনার কারণ হয়তো আর কখনওই জানা যাবে না। ২২৮ আরোহী নিয়ে আটলান্টিক মহাসাগরে বিধ্বস্ত হওয়া এ ৩৩০ এয়ারবাসটির ব্ল্যাকবক্সও হয়ত আর খুঁজে পাওয়া যাবে না। ফ্রান্সের কর্মকর্তারা বুধবার একথা বলেছেন। আটলান্টিক মহাসাগর থেকে এয়ার ফ্রান্সের বিমানটির ধ্বংসাবশেষ উদ্ধার করতে বুধবার সেখানে ডুবুরিযান নিয়ে ছুটে গেছে ব্রাজিল নৌবাহিনী। রোববার রাতে ২২৮ জন আরোহী নিয়ে ব্রাজিল থেকে ফ্রান্সে যাওয়ার পথে আটলান্টিকে হারিয়ে যায় এয়ার ফ্রান্সের এ ৩৩০ এয়ারবাসটি। ব্রাজিলের উত্তরাঞ্চলীয় উপকূলের কাছে সাগরে মঙ্গলবার বিমানের আসন ও বিভিন্ন টুকরো দেখতে পায় উদ্ধারকারীরা। উত্তরাঞ্চলীয় উপকূলীয় শহর রিসাইফ থেকে ৭৪৫ মাইল দূরে সাগরে তিন মাইল এলাকার মধ্যে বিমানের আসন, কমলা রঙের একটি বয়া, তার ও তেল ভাসছে। ধ্বংসাবশেষ উদ্ধারের জন্য যন্ত্রপাতি এবং ট্যাংকারসহ ব্রাজিল নৌবাহিনীর চারটি জাহাজ রওনা হয়ে গেছে। রিয়ার এডমিরাল ডমিঙ্গোস নগুয়েরা জানান, খারাপ আবহাওয়ার সঙ্গে লড়াই করে বিমানটির তথ্যউপাত্ত ও ভয়েস রেকর্ডার (ব্ল্যাকবক্স) উদ্ধার করা দুরূহ কাজ। ওই ব্ল্যাকবক্সে ধারণকৃত উপাত্ত ও কথা থেকেই বোঝা যাবে ঝড়ের মধ্যে কিভাবে বিমানটি বিধ্বস্ত হল। কিন্তু ফ্রান্সের বিমান দুর্ঘটনা তদন্ত সংস্থার প্রধান পল লুই আরস্লানিয়ান বলেছেন, ব্ল্যাকবক্স যে উদ্ধার করা যাবে তা হলফ করে বলা যাচ্ছে না। তদন্তে শেষ পর্যন্ত হয়তো হতাশ হতে হবে। তিনি সাংবাদিকদের বলেন, "আমি পুরোপুরি আশাবাদী নই। আবার ব্ল্যাকবক্স খুঁজে পাওয়ার সম্ভাবনাও উড়িয়ে দিতে পারছি না।" তদন্ত শেষ হতে দীর্ঘদিন লাগতে পারে বলে জানান তিনি। তিনি জানান, প্রাথমিক তদন্ত প্রতিবেদন এ মাসের শেষ নাগাদ তৈরি হয়ে যাবে। নতুন তথ্য দিয়ে আরস্লানিয়ান বলেন, "বিমানটি হারিয়ে যাওয়ার আগে এক ক্রু ঝড়ো হাওয়ার বেতার বার্তা পাঠিয়েছিল। এরপর দ্রুতগতিতে বারবার বিমানটি বিকল হয়ে যাওয়ার অটোমেটিক বার্তা আসতে থাকে।" বিমানটি উড্ডয়নের আগেই তাতে কোনও সমস্যা ছিল কিনা সে সম্পর্কেও এখনও কোনও কিছু জানা যায়নি। আরোহীদের আত্মীয়রা অলৌকিক কিছু প্রত্যাশা করলেও বিমানটির কেউই বেঁচে নেই বলে বিশেষজ্ঞরা মনে করছেন। বিমানটির যাত্রীর মধ্যে রয়েছেন ব্রাজিলের রিও ডি জেনিরো শহরের মেয়র ক্যাবিনেটের প্রধান মার্সেলো পারেন্তে। তার বাবা আলদেয়ার গোমেজ বলেন, "আমার ছেলের লাশটি পেতে চাই যাতে মর্যাদার সঙ্গে তার শেষকৃত্য করতে পারি।" মঙ্গলবার ধ্বংসাবশেষ খুঁজে পেলেও কোনো লাশ ভাসতে দেখেননি উদ্ধারকর্মীরা। নগুয়েরা বলেন, "এয়ার বাসের ধ্বংসাবশেষ উদ্ধারের জন্য যন্ত্রসজ্জিত জাহাজ যাচ্ছে।" তিনি আরও বলেন, "প্রতিটি জাহাজে দুটি করে ডুবুরিযান আছে এবং এয়ারবাসের অংশগুলো তুলে আনতে সেগুলো ছোট জাহাজ থেকে মহাসাগরে নামিয়ে দেওয়া হবে।" উদ্ধার করা জিনিসগুলো জাহাজ থেকে ব্রাজিলের ফার্নন্দো ডি নরোনহা দ্বীপপুঞ্জে নিয়ে যাওয়ার জন্য হেলিকপ্টার ব্যবহার করা হবে। বিডিনিউজ টোয়েন্টিফোরডটকম/এলকিউ/২১০৯ ঘ.