সাইদু শরীফ জুন ৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- পাকিস্তান কর্তৃপক্ষ সোয়াতের প্রধান শহরে অধিবাসীদের ফিরিয়ে আনার প্রস্তুতি নিচ্ছে। কিন্তু তালেবান নেতাদের মারতে পারলেই কেবল চূড়ান্ত বিজয় অর্জন করা সম্ভব। এক সেনা কমান্ডার বুধবার একথা বলেছেন।
সেনাবাহিনী এপ্রিলের শেষ দিকে তালেবানদের বিরুদ্ধে লড়াই শুরু করেছে। ক্রমাগত অভিযান চালিয়ে সেনাবাহিনী মিঙ্গোরা শহর দখল করেছে এবং উপত্যকার অন্যান্য অংশ থেকে জঙ্গিদের হটিয়ে দিয়েছে।
লড়াইয়ে হতাহতের সংখ্যা কোনও নিরপেক্ষ সূত্রে জানা যায়নি। কিন্তু সেনাবাহিনী বলেছে, ১২৩০ জনেরও বেশি জঙ্গি নিহত হয়েছে এবং সেনা নিহত হয়েছে ৯০ জনেরও বেশি।
কিন্তু সোয়াতের তালেবান নেতারা এ পর্যন্ত ধরা ছোঁয়ার বাইরে রয়ে গেছে।
সোয়াতের সেনা কমান্ডার মেজর জেনারেল ইজাজ আওয়ান বুধবার সোয়াতে সাংবাদিকদের বলেছেন, "তাদেরকে মেরে ফেলা গেলেই কেবল চূড়ান্ত বিজয় অর্জন করা যাবে। তাদের মিথ ভেঙে দিতে তাদের মৃত্যু গুরুত্বপূর্ণ।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৫৩৩ ঘ.
bdnews24