২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পাকিস্তানে লস্কর নেতাকে মুক্তির নির্দেশে ক্ষুব্ধ ভারত

মুম্বাই হামলায় অভিযুক্ত লস্কর-ই-তৈয়্যেবা নেতা হাফিজ মোহাম্মাদ সাঈদকে মুক্তির নির্দেশ দেওয়ায় জঙ্গিদের বিরুদ্ধে পাকিস্তানের পদক্ষেপের সদিচ্ছা নিয়ে প্রশ্ন তুলেছে ভারত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jun 2009, 09:31 AM

Updated : 26 Aug 2022, 11:33 AM

লাহোর, নয়াদিল্লি, জুন ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- মুম্বাই হামলায় অভিযুক্ত লস্কর-ই-তৈয়্যেবা নেতা হাফিজ মোহাম্মাদ সাঈদকে মুক্তির নির্দেশ দেওয়ায় জঙ্গিদের বিরুদ্ধে পাকিস্তানের পদক্ষেপের সদিচ্ছা নিয়ে প্রশ্ন তুলেছে ভারত। দাতব্য সংস্থা জামাত-উদ-দোয়ার প্রধান সাঈদ। গত ডিসেম্বরে জাতিসংঘ জানায়, এটি লস্কর-ই-তৈয়্যেবার একটি অঙ্গসংগঠন। পাকিস্তানে নিষিদ্ধঘোষিত তৈয়্যেবাকে মুম্বাই হামলার জন্য দায়ী করে ভারত। মুম্বাই হামলার মূল পরিকল্পনাকারী হিসেবে ভারত যে ৩৮ জনকে অভিযুক্ত করেছে তাদের একজন সাঈদ। গত নভেম্বরে মুম্বাইয়ে ওই সন্ত্রাসী হামলায় ১৬৬ জন নিহত হয়েছিল। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বিষ্ণু প্রকাশ বলেন, "সাঈদের মুক্তির নির্দেশে সন্ত্রাসবাদী সংগঠন এবং সন্ত্রাসীদের বিরুদ্ধে পাকিস্তান সরকারের পদক্ষেপের আন্তরিকতা নিয়ে সন্দেহের সৃষ্টি হয়েছে।" ভারতের নতুন পররাষ্ট্রমন্ত্রী এস এম কৃষ্ণ নয়াদিল্লিতে সাংবাদিকদের বলেন, "জঙ্গিবাদবিরোধী লড়াইয়ে পাকিস্তানের আন্তরিকতার বিষয়টি এখনো ধোঁয়াশার মধ্যে আছে, সাঈদের মুক্তির ঘটনা সেটাই প্রমাণ করে।" তবে ভারতের এই বক্তব্য যথাযথ নয় বলে নাকচ করে দিয়েছে পাকিস্তান। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আব্দুল বাসিত এক বিবৃতিতে বলেন, "জাতীয় এবং আন্তর্জাতিক আইনের ক্ষেত্রে সরকারের বাধ্যবাধকতার বিষয়টি পাকিস্তান ভালভাবেই জানে। সভ্যসমাজে এই ধরনের বাগাড়ম্বর ও ভিত্তিহীন অভিযোগের মধ্যে বিচারব্যবস্থা আগাতে পারে না। আইনিব্যবস্থায় কখনোই হস্তক্ষেপ করা ঠিক না।" আল কায়েদা এবং তালেবানদের সঙ্গে জড়িত অভিযোগে সাঈদ এবং তার নেতৃত্বাধীন জামাত-উদ-দাওয়াকে জাতিসংঘর নিরাপত্তা পরিষদ সন্ত্রাসী ও সন্ত্রাসী সংগঠনের তালিকাভুক্ত করার পর গত ডিসেম্বর থেকে সাঈদ গৃহবন্দি ছিলেন। সাঈদ ১৯৯০ সালে লস্কর-ই- তৈয়্যেবা প্রতিষ্ঠা করেন এবং কাশ্মীর অঞ্চলে চার বছর তারা ভারতীয় বাহিনীর সঙ্গে লড়াইও করে। কিন্তু ২০০১ সালে পার্লামেন্টে সন্ত্রাসী হামলার জন্য ভারত তৈয়্যেবাকে দায়ী করার পর সংগঠনের নেতৃত্ব থেকে সরে যান সাঈদ। এরপর ২০০২ সালে সংগঠনটি নিষিদ্ধ ঘোষণা করে পাকিস্তান। সাঈদকে মঙ্গলবার মুক্তির নির্দেশ দেয় পাকিস্তানের হাইকোর্ট। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএইচবি/এমএইচবি/১৫৩৯ ঘ.