সিঙ্গাপুর, মে ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-- অং সান সু চি'র বিচার দেশের আইন অনুযায়ীই হচ্ছে এবং এটা মিয়ানমারের একটি অভ্যন্তরীণ বিষয় যাতে অন্য দেশের নাক গলানো উচিত নয়। মিয়ানমারের সামরিক সরকারের উপ-প্রতিরক্ষামন্ত্রী রোববার একথা বলেছেন।
সিঙ্গাপুরে এশীয় নিরাপত্তা সম্মেলনে মিয়ানমারের উপ-প্রতিরক্ষামন্ত্রী মেজর জেনারেল আইয়ে মাইনিত বলেন, "দেশের আইন মেনে বিচারিক পদ্ধতি অনুসারে অং সান সু চি'র বিরুদ্ধে নেওয়া আইনিব্যবস্থা নিতান্তই মিয়ানমারের অভ্যন্তরীণ বিষয়।"
তিনি বলেন, "যদি কোনো দেশ অন্য দেশের অভ্যন্তরীণ বিষয়ে নাক গলায় তাহলে দেশগুলোর মধ্যে পারষ্পরিক বোঝাপড়া এবং বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ক্ষতিগ্রস্ত হতে পারে।"
গত মাসে বাড়িতে এক মার্কিন নাগরিক অনুপ্রবেশের ঘটনায় গৃহবন্দিত্বের আইন লঙ্ঘনের অভিযোগে বিচার করার জন্য সু চি'কে গত ১৪ মে থেকে ইয়াঙ্গুনের কুখ্যাত ইনসেইন কারাগারে রাখা হয়েছে।
সু চি'র এই বিচার নিয়ে এশিয়ার অনেক দেশসহ পশ্চিমা বিশ্ব উদ্বেগ প্রকাশ করেছে। পশ্চিমা দেশগুলোর ধারণা সামরিক জান্তার প্রতিশ্র"তি অনুযায়ী আগামী বছরের সাধারণ নির্বাচনের সময়ে সু চিকে আটক রাখার কৌশল হিসেবেই এ 'সাজানো বিচার' করা হচ্ছে।
ওদিকে, সর্বশেষ ছয় বছরের গৃহবন্দিত্বের মেয়াদ পেরিয়ে যাওয়ার পরও সু চি'কে আটক বিচারাধীন অবস্থায় আটক রাখায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে তার দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্র্যাসি (এনএলডি)।
শনিবার এনএলডি জানায়, "সু চি'র সঠিক চিকিৎসা খুবই জরুরি হয়ে পড়েছে, তার শারীরিক অবস্থা নিয়ে আমরা বেশ উদ্বিগ্ন।"
গত ১৯ বছরের মধ্যে প্রায় ১৩ বছরই সু চি'কে কোনো না কোনোভাবে বন্দিজীবন কাটাতে হয়েছে।
এখন নতুন অভিযোগে আবার যদি তার সাজা হয় তাহলে তার স্বাস্থ্য নিয়ে বেশ উদ্বেগের কারণ আছে বলে আশঙ্কা করছে তার সমর্থকরা।
গৃহবন্দিত্বের আইনভঙ্গের অভিযোগে দোষী প্রমাণিত হলে সু চি'র তিন থেকে পাঁচ বছরের জেল হতে পারে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমটি/এমএইচবি/১৬৫৭ ঘ.
bdnews24